মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামীর 'আত্মহত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। পিটুনিতে স্ত্রীর মৃত্যুর পর স্বামী আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোসপুর গ্রাম থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অস্বাভাবিকভাবে মারা যাওয়া দম্পতি হলেন ইমরান বিশ্বাস (২৬) ও সুমাইয়া আক্তার নিরমা (২১)।

পরিবারের ভাষ্যের বরাতে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে ইমরান তাঁর স্ত্রী সুমাইয়াকে মারপিট করেন। সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সুমাইয়াকে খুলনায় না নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন ইমরান। পথে সুমাইয়ার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর ইমরান আজ সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ওসি খায়রুল আনাম বলেন, মারধরে স্ত্রীর মৃত্যু হওয়ায় ইমরান পুলিশের হাত থেকে রেহাই পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।