শিক্ষকের বেত্রাঘাতের অপমান সইতে না পেরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শাহ নুরুদ্দীন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার (১৪) বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার রাত সাড়ে নয়টায় ঢাকায় নেওয়ার পথে ওই ছাত্রীর মৃত্যু হয়। তানিয়া বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের শহিদ উল্লাহর মেয়ে।
পরিবার, পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিচ্ছিলেন। পড়া না পারায় তিনি তানিয়াকে শ্রেণিকক্ষে প্রথমে বকা দেন, এরপর বেত্রাঘাত করেন। অন্য শিক্ষার্থীদের সামনে বেত্রাঘাত করায় তানিয়া ক্লাসের কোনো এক ফাঁকে বের হয়ে বিদ্যালয়ের পাশের বাজার থেকে বিষ এনে বিদ্যালয় প্রাঙ্গণেই পান করে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেলে নেওয়া হচ্ছিল। পথেই দাউদকান্দিতে রাত সাড়ে নয়টায় সে মারা যায়। এরপর তার লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়।
তবে হাবিবুর রহমান বলেন, ‘আমি ওই ছাত্রীকে মারধর করিনি। কী কারণে ওই ছাত্রী মারা গেল, তা-ও বলতে পারছি না।’
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া বলেন, ছাত্রীর বাবা অভিযোগ করলে থানায় মামলা হবে। এখন অপমৃত্যু মামলা হয়েছে। এরপরেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।