মারধরের অভিযোগে নগর ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে এক ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে নগর ছাত্রলীগের সহসভাপতি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের আগ্রাবাদ ঝর্ণাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানার পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকশিমনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, নগরের হালিশহর বড়পুল এলাকা থেকে শাহাদাত হোসেন ওরফে সাগর নামের এক ব্যক্তিকে তুলে এনে আগ্রাবাদ ঝর্ণাপাড়া এলাকার একটি সেলুনের চেয়ারে শিকল দিয়ে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ আসে পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় শহীদুল ইসলাম নামের এক যুবককে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, গুরুতর আহত শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ডবলমুরিং থানার এসআই উজ্জ্বল বলেন, ‘পাওনা টাকা আদায় করতে শাহাদাতকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে শুনেছি।’