মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে গৃহবধূ, তাঁর স্বামী ও ভাশুরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পাওনা টাকা আদায় নিয়ে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত তিনজন হলেন মেহেরুন্নেছা (৩৫), তাঁর স্বামী সাইফুল ইসলাম (৩৮) ও ভাশুর জহিরুল ইসলাম (৪২)। জহিরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের বাড়ি নয়াপাড়া গ্রামে। ওই ইউপি সদস্য হলেন আবুল কালাম। তিনি বলেন, সাইফুলের ছেলে শাকিলকে তিনি একটি মাদ্রাসা থেকে নিজের জিম্মায় আনেন। এতে তাঁর ছয় হাজার টাকা খরচ হয়েছে। ওই টাকা চাওয়ার পর সাইফুল তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি কাউকে মারধর করেননি। আহত সাইফুল ইসলাম বলেন, তিনি শুক্রবার রাতে তারের ঘাট বাজারে যান। ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম সেখানে তাঁকে আটক করে পাওনা টাকা চেয়ে মারধর করেন। পরে তাঁর ভাই ও স্ত্রীকেও মারধর করা হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।