মারধরের ঘটনায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনার পর কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত রোববার কুষ্টিয়ার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে পাঠানো বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলী মুর্তজা সিদ্দীক খসরু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির তথ্য জানানো হয়। আলী মুর্তজা সিদ্দীক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি না হওয়া পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।
পুলিশ সূত্র এবং নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক নেতা জানান, গত শুক্রবার রাতে শহরের পেয়ারাতলা এলাকায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাওনসহ তাঁর অনুসারী আনিস, সুজিত, চঞ্চল ও রাকিবুল ইসলাম নামে কয়েকজন কর্মী টুটুল নামে এক ব্যক্তিকে মারধর করেন। টুটুল পিটিআই সড়কের কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল হানিফের বাড়ির কর্মচারী। এ ঘটনায় পেয়ারাতলার মেসবাবুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে গত শনিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দুই দিন পর জেলা ছাত্রলীগ গত রোববার সন্ধ্যায় কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবদুল খালেক জানান, টুটুল সাংসদের বাসার কর্মচারী না হলেও, অতিথি গেলে তাঁদের চা দেন। তাঁকে হত্যার উদ্দেশ্যে দায়ের করা মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শাওন এক নম্বর আসামি। তিনি পলাতক আছেন।
এ বিষয়ে মো. শাওনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে আনিস, সুজিত, চঞ্চল ও রাকিবুল ইসলামকে র্যাবের সদস্যরা গ্রেপ্তার করে পুলিশে দিয়েছেন বলে জানিয়েছেন ওসি আবদুল খালেক। গত রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।