মারধরের পর আ.লীগ নেতার গায়ে নতুন শার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটবাজারের দরপত্র কেনাকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আওয়ামী লীগের এক নেতাকে মারধর করেছেন আওয়ামী লীগের অপর এক নেতার কর্মী-সমর্থকেরা। মারধরের কারণে শার্ট ছিঁড়ে গেলে ওই নেতাকে নতুন একটি শার্ট পরিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। 

মারধরের শিকার আওয়ামী লীগের ওই নেতার নাম রফিকুল ইসলাম। তিনি সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তারাকান্দি ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক।
এদিকে রফিকুলকে মারধরের প্রতিবাদে যমুনা সার কারখানা থেকে সার পরিবহন বন্ধ হয়ে গেছে এবং সরিষাবাড়ী থেকে ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে।
ইউএনও কার্যালয় ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাটবাজারের দরপত্র ক্রয়ের শেষ দিন ছিল আজ। ইউএনও কার্যালয়ের পাশের কক্ষটি দরপত্র ক্রয় কক্ষ হিসেবে ব্যবহার করা হয়। রফিকুল ইসলাম আজ দরপত্র কিনতে আসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের কর্মী-সমর্থকেরা বাধা দেন। পরে ধাওয়া দিলে রফিকুল ইসলাম দৌড়ে গিয়ে ইউএনওর কক্ষে আশ্রয় নেন। ইউএনও ফ্লোরা বিলকিস জাহানের উপস্থিতিতেই রফিকুলকে এ সময় মারধর করা হয়। এতে রফিকুলের গায়ের শার্ট ছিঁড়ে ফেলা হয়। পরে হারুন অর রশিদের লোকজন রফিকুল ইসলামকে নতুন একটি শার্ট পরিয়ে দেন।
এ ঘটনার প্রতিবাদে তারাকান্দি ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির নেতারা আজ দুপুরের পর থেকে যমুনা সার কারখানা থেকে সার পরিবহন বন্ধ করে দেন। এতে ১৯ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। একই ঘটনার প্রতিবাদে সরিষাবাড়ী থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক সমিতির নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস প্রথম আলোকে বলেন, ‘আমার উপস্থিতিতে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করা হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন জানান, হারুন অর রশিদের লোকজন ইউএনওর কক্ষে রফিকুল ইসলামকে মারধর করেছেন। তাঁর পরনের শার্টটিও ছিঁড়ে ফেলা হয়েছে। পরে হারুনের লোকজন রফিকুলের গায়ে নতুন শার্ট পরিয়ে দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, যারা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে মারধর করেছে তারা দলের কেউ না। তবে তিনি আরও জানান, রফিকুলের গায়ে নতুন শার্ট পরিয়ে দেওয়া হয়েছে।
তারাকান্দি ট্রাক ও ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি ও আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন জানান, ‘আমাদের সমিতির সাধারণ সম্পাদককে যারা মারধর করেছে তাদের গ্রেপ্তার না করা হলে কারখানা থেকে অনির্দিষ্টকালের জন্য সার পরিবহন বন্ধ থাকবে।’
যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম জানান, কারখানা থেকে সার পরিবহন বন্ধ রয়েছে।
রফিকুল ইসলাম জানান, ‘আমি ইউএনওর কার্যালয়ে হাটবাজারের দরপত্র কিনতে যাই। এ সময় হারুন অর রশিদের লোকজন দরপত্র কিনতে আমাকে বাধা দেয় এবং মারধর করে। আমার গায়ের শার্টটি ছিঁড়ে ফেলা হয়েছিল। পরে তাঁর লোকজন নতুন শার্ট পরিয়ে দিয়েছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।