মারধরের ভয়ে স্কুলে অনুপস্থিত আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর কাওয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু কাওসার (১১) শিক্ষকের মারপিটের ভয়ে আট মাস যাবৎ বিদ্যালয়ে যাচ্ছে না।
মারধরের ঘটনার সত্যতা পাওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আট মাস আগে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা হিসেবে তাঁকে অন্যত্র বদলির জন্য প্রস্তাব পাঠাতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে (টিইও) নির্দেশ দেন। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সুবিচার চেয়ে ওই ছাত্রের বাবা গত ১৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আবু কাওসার উপজেলার বাগিচাপুর গ্রামের রিকশাচালক মো. ইসলামের ছেলে। কাউসার বলে, ‘স্যার ডাইকা নিয়া কয় তোর বাপ কারে ভোট দিছে। আমি কোনো উত্তর না দেওয়ায় জোরে আমার গালে থাপ্পড় মারে। লগে লগে কান দিয়া রক্ত বাইর হইতে থাকে। স্যার কইছে এই মাইরের কতা যদি বাড়িত গিয়া কেউরে কছ, পরে স্কুলে আইলে পিডাইয়া লাশ বানাইয়া ফালামু। পরে মাইরের কতা সবাই জাইনা গেছে। স্কুলে গেলে স্যার যদি মারে, ওই ডরেই আর স্কুলে যাই না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, কাওসারের পরিবার ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে কাওসারের বাবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের মনোনীত প্রার্থীকে ভোট দেননি এমন অভিযোগ এনে গত ৪ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের মাঠে কাওসারকে ডেকে নিয়ে থাপ্পড় মারেন রুহুল আমিন।
এ সময় তার বাম কান দিয়ে রক্তপাত হয়। ৬ জানুয়ারি কাওসারের বাবা এ ব্যাপারে বিচার চেয়ে ডিপিইওর কাছে লিখিত অভিযোগ দেন। টিইও বিষয়টি তদন্ত করে সত্যতা পান। ১১ ফেব্রুয়ারি ডিপিইও বিভাগীয় ব্যবস্থা নিতে ওই শিক্ষককে অন্যত্র বদলির প্রস্তাব চেয়ে টিইওকে নির্দেশ দেন। ২২ ফেব্রুয়ারি অভিযুক্ত শিক্ষক বিষয়টি মিথ্যা দাবি করে জেলা প্রশাসক ও ডিপিইওর কার্যালয়ে লিখিত আবেদন করেন। এরপর এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আট মাস ধরে শিক্ষকের মারপিটের ভয়ে কাওসার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে গত ১৪ আগস্ট কাওসারের বাবা ইসলাম ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।
ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। রিকশা চালাইয়া খাই। তাই আমগর কোনো বিচার নাই। অকারণে ছেলেডার কানডা নষ্ট কইরা ফালাইছে। ছেলেডা বাম কানে ভালা কইরা হুনবার পায় না। ওই শিক্ষকের ডরে আর স্কুলে যায় না। পুলার লেহাপড়ার লাইগা হিবার ইউএনও অফিসো লিখিত দিছি।’
রুহুল আমিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাওসারকে আমি মারি নাই। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এই মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। তবে ওই শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে ভয়ের কোনো কারণ নেই।’
টিইও আতাউর রহমান বলেন, ‘তদন্ত করে প্রাথমিকভাবে মারের ঘটনাটি প্রমাণিত হয়। পরে ওই শিক্ষক বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে আরেকটি আবেদন করায় আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
ডিপিইও মো. ফজলুল হক বলেন, ‘ওই শিক্ষককে উপজেলার অন্যত্র বদলির জন্য সুপারিশ চাওয়া হয়েছিল। সুপারিশ না আসায় কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।’
ইউএনও তরফদার সোহেল রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটি এখনো পাওয়া যায়নি। পেলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’