মারপিটের অভিযোগে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রীর মামলা
স্ত্রীকে মারপিটের অভিযোগে যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। স্ত্রী কারিনী তনিমা আহমেদ বাদী হয়ে গত রোববার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানায় এ মামলা করেন। সাজ্জাদের মা নূর আক্তারকেও মামলায় আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ১ নভেম্বর রাতে সাজ্জাদ তাঁর স্ত্রী তনিমাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। তনিমা বালিশ ফেলে দিলে তাঁকে মারপিট করেন। আহত অবস্থায় পালিয়ে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও সিনিয়র ম্যাজিস্ট্রেট ঝুমুর বালার কাছে যান। এরপর তনিমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দুই দফা সালিস হয়েও কোনো সুরাহা হয়নি। এ কারণে তিনি মামলা করেছেন বলে জানা গেছে।
আরও বলা হয়েছে, রাজধানীর নর্দ্দা এলাকার আবদুস সালামের মেয়ে তনিমা ও সাজ্জাদ প্রেম করে বিয়ে করেন। বাড়িতে মেনে না নেওয়ায় তনিমাকে নিয়ে সাজ্জাদ যশোর শহরের নীল রতন ধর সড়কে একটি ভাড়া বাড়িতে ওঠেন। তনিমার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে বলে সাজ্জাদ সন্দেহ করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, মারামারি ও হত্যাচেষ্টার ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাঁর মাকে মামলায় আসামি করা হয়েছে।