মারা গেছেন মমিন, জীবনশঙ্কায় গুলিবিদ্ধ মা-মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ মমিন ভুঁইয়া মারা গেছেন। ছবি: কবির হোসেন, মাগুরা
মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ মমিন ভুঁইয়া মারা গেছেন। ছবি: কবির হোসেন, মাগুরা

চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করার পরও মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের এক পক্ষের হামলায় বোমা ও গুলিতে গুরুতর আহত মমিন ভুঁইয়াকে (৬৫) বাঁচানো যায়নি। গতকাল শুক্রবার রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া ওই দিনের সংঘর্ষে গুলিবিদ্ধ মা ও নবজাতকের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা খাতুন ও তাঁর পেটের সন্তান গুলিবিদ্ধ হয়। বোমা ও গুলিতে মমিন ভুঁইয়া গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের কোপের আঘাতে ছাত্রলীগ কর্মী মিরাজ শেখ আহত হন।
মমিনের অস্ত্রোপচারকারী মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান বলেন, আহত বৃদ্ধ মমিনের শরীরে শুক্রবার রাতে প্রায় চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। গুলি ও বোমায় তাঁর খাবার ও শ্বাসনালির সাত জায়গা ছিঁড়ে গিয়েছিল। তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁকে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়। অস্ত্রোপচার শেষে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে রাত একটার দিকে তিনি মারা যান।
সংঘর্ষে গুলিবিদ্ধ নাজমা খাতুনকে বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা হয়। এতে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন। নাজমার অস্ত্রোপচারকারী চিকিৎসক শফিউর রহমান বলেন, আট মাসের অন্তঃসত্ত্বা নাজমার তলপেট বিদ্ধ করে একটি গুলি গর্ভে থাকা শিশুটির পেটের মাংসপেশিতে আটকে ছিল। আরেকটি বুলেট শিশুটির চোখে আঘাত করায় একটি চোখ নষ্ট হয়ে গেছে। সে শ্বাসকষ্টে ভুগছে। তার শরীরের বিভিন্ন জায়গায় বুলেটে জখম রয়েছে। আট মাসে সন্তান জন্মদান এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর গুলিবিদ্ধ হওয়ায় মা ও নবজাতকের অবস্থা সংকটাপন্ন।|আজ শনিবার বেলা ১১টার দিকে দোয়ারপাড় কারিগরপাড়া এলাকার প্রায় ৩০০ নারী-পুরুষ ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেন। প্রতিবাদ মিছিলে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ কর্মী আজিব্বর শেখ, মুহম্মদ আলী মো. সাগর ও সেন সুমনের ফাঁসির দাবি করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী প্রথম আলোকে বলেন, এ ঘটনার এখনো কেউ মামলা করেনি। তবে ঘটনার পর অভিযুক্ত মুহম্মদ আলী ভাই ফারুক হোসেন ও সুবহান নামে দুজনকে আটক করা হয়েছে। মমিনের লাশ ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দোয়ারপাড় এলাকায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছে। এর এক পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভূঁইয়া। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সাবেক কর্মী আজিব্বর শেখ ও মুহম্মদ আলী। আবার দুই পক্ষই প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের অনুসারী বলে পরিচিত।
নাম প্রকাশ না করে স্থানীয়রা বলেন, গত বুধবার কামরুলের সমর্থক আলমগীর হোসেনকে (২৮) কুপিয়ে জখম করে। এর জেরে গত বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে কামরুলের সমর্থকেরা আজিব্বর ও আলীর মোটরসাইকেল দুটি পুড়িয়ে দেয়। এতে ‌ক্ষিপ্ত হয়ে আজিব্বর ও আলীর সমর্থকেরা কামরুলের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলায় কামরুলের বড় ভাই বাচ্চুর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা গুলিবিদ্ধ হন। কামরুলের চাচা মমিন গুলি ও বোমার আঘাতে গুরুতর আহত হন। এ ছাড়া মিরাজ নামের কামরুল এক সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা।