রাজশাহী সিটি বাইপাস গরুর হাটে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে অচেতন হওয়া ৩০ জনের মধ্যে এক গরু ব্যবসায়ী মারা গেছেন। গতকাল সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মারা যাওয়া ব্যবসায়ীর নাম জজ মিঞা (৩৪)। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর গ্রামে।
এদিকে হাটসংলগ্ন যে হোটেলটির খাবার খেয়ে ও পরে টিস্যু দিয়ে মুখ মুছে ওই ঘটনা ঘটে, সেটার টিস্যু, খাবার ও মসলার নমুনা পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগে পাঠানো হয়েছে।
গত রোববার সকালে সিটি বাইপাস গরুর হাটে জাফর আলীর হোটেলে খাবার খেয়ে টিস্যু দিয়ে মুখ মোছেন ৩০ ব্যক্তি। এর কিছুক্ষণ পরই তাঁরা অচেতন হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ব্যক্তিদের মধ্যে নরসিংদী, কুমিল্লা, সোনারগাঁসহ বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী, ট্রাকের চালক ও সহকারী ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন চিকিৎসার পর রোববারই সুস্থ হন। ১২ জন ছিলেন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে জজ মিঞা মারা গেলেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।