মারা গেলেন গুলিবিদ্ধ আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সহিংসতায় আহত আরও দুজন মারা গেছেন। মাদারীপুর ও যশোরে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গতকাল শনিবার সকালে তাঁরা মারা যান।
মাদারীপুর সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের নির্বাচন-পরবর্তী সংঘর্ষে নিহত হয়েছেন হাসান ব্যাপারী (৩০)। আর যশোর সদর উপজেলার শেখহাটি এলাকায় তিন দিন আগে সন্ত্রাসীদের গুলিতে ইকবাল হোসেন (৩২) নামে এক মাংস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গতকাল মারা গেছেন। ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় এ পর্যন্ত ৩৪ জনের প্রাণহানি হলো। নিহতদের অধিকাংশই নিরীহ ও ঘটনার শিকার।
শরীয়তপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদরের কুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সাহেব আলী নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ইসমাইল মাতুব্বর শুরু থেকে সাহেব আলীর পক্ষে থাকলেও শেষ মুহূর্তে সমর্থন প্রত্যাহার করেন। ফলে দলের আরেক বিদ্রোহী প্রার্থী অমিত হাসান কবির নির্বাচনে জয়লাভ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নির্বাচনে হেরে যাওয়ার কারণে বিদ্রোহী প্রার্থী সাহেব আলীর সমর্থকেরা গত শুক্রবার সকালে ইসমাইল মাতুব্বরের বাড়িতে হামলা চালান এবং অগ্নিসংযোগ করেন। এ সময় ইসমাইল মাতুব্বরের ছেলে বেলায়েত হামলাকারীদের ওপর গুলিবর্ষণ করেন। এতে হাসান ব্যাপারীসহ আটজন গুলিবিদ্ধ হন।
অবস্থার অবনতি হলে গুলিবিদ্ধদের ওই রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে হাসান মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ জানান, ঘটনার পর থেকে ইসমাইল মাতুব্বর ও তাঁর ছেলে বেলায়েত পলাতক রয়েছেন। পুলিশ লাইসেন্স করা অস্ত্রটি জব্দ করেছে।
যশোরে দ্বিতীয় ধাপের নির্বাচনের তিন দিন আগে গত সোমবার রাতে সদর উপজেলার শেখহাটি এলাকার মিয়াবাড়ি মোড়ে মাংস ব্যবসায়ী ইকবাল হোসেন নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছিলেন। গতকাল ভোরে ঢাকা মেডিকেলে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী জসীম উদ্দীন বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয় মিয়াবাড়ি মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে পাউরুটি খাচ্ছিলেন ইকবাল। এ সময় কয়েকজন সন্ত্রাসী নওয়াপাড়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেনের বাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। মিয়াবাড়ি মোড়ের পাশে আলতাফের বাড়ি। প্রার্থীর সমর্থকেরা ধাওয়া দিলে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। একটি গুলি ইকবালের শরীরে বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় ইকবালকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইকবালের মা মমতাজ বেগম বলেন, ‘ও নিরীহ। কোনো দল-বলে নেই। গরিব মানষির আবার কিসির দল। আমার সোনারে ওরা মারল।’
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে অজ্ঞাতদের বিরুদ্ধে।’