মারা গেলেন দগ্ধ দিনমজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পেট্রলবোমার সহিংসতায় মারা গেলেন আরও একজন। চট্টগ্রামে অটোরিকশায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হওয়ার এক দিন পর গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দিনমজুর রণজিৎ নাথ (৩২)।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধে গতকাল শুক্রবার বগুড়ায় পেট্রলবোমায় চোখ হারিয়েছেন একজন ব্যবসায়ী। লক্ষ্মীপুরে সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জয়পুরহাটে রেললাইনে নাশকতার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে আন্তনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস।
অবরোধ কর্মসূচির ৬০তম দিন ছিল গতকাল। এদিন চার জেলার অন্তত পাঁচটি স্থানে বিভিন্ন ধরনের সহিংসতা-নাশকতার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় একটি গাড়িতে। রাত সাড়ে নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতায় জড়িত থাকার সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় আটক বা গ্রেপ্তার করা হয় ১৮ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৬ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে মোট ৬৯৯টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬২০টি।
আরও একজনের মৃত্যু: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের পেট্রলবোমায় দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দিনমজুর রণজিৎ নাথ। গত বুধবার রাতে হাটহাজারী-নাজিরহাট সড়কের বুড়ির পুকুরপাড় এলাকায় অটোরিকশায় ওই হামলায় দগ্ধ হয়েছিলেন তিনি। রণজিৎ অটোরিকশার যাত্রী ছিলেন।
হামলার ঘটনায় অটোরিকশাচালক সাবের আহমেদও (২৮) দগ্ধ হন। বুধবার রাতেই দুজনকে এই হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে রণজিৎ মারা যান। বার্ন ইউনিটের চিকিৎসক এস খালেদ বলেন, রণজিতের শরীরের ৮২ ভাগ পুড়ে যায়। সাবেরের অবস্থাও আশঙ্কাজনক। তাঁর শরীরের ৪৫ ভাগ পুড়েছে।
রণজিতের বাড়ি হাটহাজারীর সরকারহাট কালীবাড়ি এলাকায়। ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার তাঁর মরদেহ নিজ বাড়িতে দাহ করা হয়। রণজিতের সাত ও নয় বছর বয়সী দুই শিশুসন্তান রয়েছে।
হামলার শিকার হওয়ার পর থেকেই স্ত্রী ছবি নাথ হাসপাতালে স্বামী রণজিতের পাশে ছিলেন। মৃত্যুর সংবাদে ভেঙে পড়ে তিনি বলেন, ‘আমরা এক বেলা খাই তো আরেক বেলা উপোস থাকি। তবু চলে যাচ্ছিল দিন। আমি কীভাবে কোত্থেকে আমার ছেলেমেয়েদের মুখে ভাত তুলে দেব?’
চোখ হারালেন ব্যবসায়ী: দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় চোখ হারালেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধান ব্যবসায়ী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মী রেজাউল করিম (৩৭)। বৃহস্পতিবার রাত নয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের তেঘরি নামক স্থানে একটি অটোরিকশা ও একটি ট্রাক লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমা ছুড়লে একটি বোমার আঘাতে অটোরিকশার যাত্রী রেজাউল দগ্ধ হন।
রেজাউলকে সঙ্গে সঙ্গেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর বাঁ চোখটি বোমার আঘাতে নষ্ট হয়ে গেছে।
যন্ত্রণায় কাতর রেজাউল বলেন, ‘নোংরা রাজনীতি আমার চোখের আলো কেড়ে নিল। এই চোখ দিয়ে পরিবারের কাউকে আর দেখতে পাচ্ছি না। চোখ হারিয়ে ভয়ংকর রাজনীতির খেসারত দিতে হলো আমাকে।’
সওজের প্রকৌশলী ও ভূমি কার্যালয়ে আগুন: লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে সওজের নির্বাহী প্রকৌশলীর ও সদর উপজেলার পোদ্দার বাজারে বশিকপুর ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ দুই অফিসে যথাক্রমে বৃহস্পতিবার রাত ১০টা ও গতকাল ভোর ৪টার দিকে আগুন লাগানো হয়। এসব ঘটনায় উভয় অফিসের আসবাব ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস: জয়পুরহাট সদর উপজেলার সাহাপুর রেলঘুমটির কাছে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট, প্যান্ডেল ক্লিপ ও ফিশবোল্ড তুলে লাইন বিচ্ছিন্ন করে। এ ঘটনার কিছুক্ষণ আগে জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে ঢাকার পথে রওনা দেয় আন্তনগর এক্সপ্রেস নীলসাগর। লাইন বিচ্ছিন্ন করার আগেই ট্রেনটি গন্তব্যে চলে যায়। দুর্বৃত্তরা ৩৫ ফুট রেললাইনের দুটি ফিশপ্লেট, ৩৮টি প্যান্ডেল ক্লিপ ও ছয়টি ফিশবোল্ড খুলে ফেলে।
খবর পেয়ে র্যাব ও পুলিশের দল সেখানে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভোর চারটায় রেললাইন মেরামতের পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
যৌথ বাহিনীর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বুধবার সকালে টিকরি বাজারে যৌথ বাহিনীর অভিযানে তাঁদের দোকান ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। মারধর করা হয়েছে কয়েকজনকে। সম্প্রতি শিবগঞ্জ উপজেলার একটি ট্রাকস্ট্যান্ডে একসঙ্গে নয়টি ট্রাক জ্বালিয়ে দেওয়ার ঘটনায় দুর্বৃত্তদের ধরতে এই অভিযান চালানো হয়। শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এসব অভিযোগ করা হচ্ছে।’
১৮ জনকে গ্রেপ্তার: রাজশাহী নগরের ঘোষপাড়া মোড়ে রেটিনা কোচিং সেন্টার থেকে ছাত্রশিবিরের ১৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওদিকে ফেনীতে বিএনপি-ছাত্রদলের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}