মারা গেলেন নেশাদ্রব্য খাওয়ানো ট্রেনযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর ফলে অসুস্থ হয়ে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তনগর এক্সপ্রেস নীলসাগরের যাত্রী ওয়াহিদুল ইসলাম (৪০) গতকাল বুধবার উল্লাপাড়ায় মারা গেছেন। তিনি ঢাকা থেকে পার্বতীপুরে নিজ বাড়ি ফিরছিলেন।
উল্লাপাড়া স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল হামিদ বলেন, দুপুর ১২টার দিকে নীলসাগর ট্রেনের পরিচালক উল্লাপাড়া স্টেশনে ট্রেন থামিয়ে অসুস্থ ওয়াহিদুলকে নামিয়ে দেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য অনুরোধ করেন। উল্লাপাড়া স্টেশনে নীলসাগরের কোনো যাত্রাবিরতি না থাকলেও তাঁর জন্য ট্রেনটি থামানো হয়। অসুস্থ ওয়াহিদুলকে দ্রুত উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাঁথিয়া মোল্লা বলেন, ওয়াহিদুলকে বিষাক্ত দ্রব্য খাওয়ানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি উল্লাপাড়া থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে মারা যাওয়া ওয়াহিদুলের বোন নাফিজা খাতুন মুঠোফোনে বলেন, ওয়াহিদুল ঢাকায় রিকশা চালাতেন। দুই দিন আগে কয়েকজন দুর্বৃত্ত রাতে তাঁকে মারধর করে এবং নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁর কাছে থাকা টাকাপয়সা কেড়ে নেয়। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। ওয়াহিদুলকে বাড়ি ফিরে আসার জন্য মঙ্গলবার তাঁরা বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠান। এই টাকা নিয়ে ওয়াহিদুল নীলসাগর ট্রেনে বাড়ি আসছিলেন।