মার্কিন সেনাকে হত্যার পরিকল্পনায় বাংলাদেশি অভিযুক্ত
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ নিয়ে এক মার্কিন সেনাসদস্যকে হত্যা পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নীলেশ মোহাম্মদ দাস নামের ওই প্রবাসী বাংলাদেশিকে গত শুক্রবার গ্রেপ্তারের পর গত সোমবার আদালতে হাজির করা হয়।
আদালতের নথিপত্রে বলা হয়েছে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বসবাসকারী নীলেশ মোহাম্মদ যুক্তরাষ্ট্রের একজন বৈধ স্থায়ী বাসিন্দা। সোমবার ফেডারেল আদালতের শুনানিতে হাজির করা হয় তাঁকে। কাল বৃহস্পতিবার শুনানির আগ পর্যন্ত তাঁকে আটক রাখার আদেশ দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত হলে নীলেশের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আদালতের নথিপত্রে দাবি করা হয়, তিনি ২০১৫ সালের শেষ দিক থেকে এ বছরের শুরুর দিক পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজ অ্যাকাউন্টে আইএসের পক্ষে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে ফ্রান্সের প্যারিস ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় সংঘটিত হামলায় সমর্থনও জানান। বন্দুক রাখার অনুমতি পেতে একটি ক্লাসে তিনি অংশ নেন এবং আঙুলের ছাপ দাখিল করেন।
নথিপত্রে বলা হয়, এফবিআইয়ের একজন গোপন তথ্যদাতাকে নীলেশ বলেছিলেন, তিনি মার্কিন সেনাসদস্যদের হত্যা করতে চান। এ রকম হামলা চালানো ‘আমার জীবনের লক্ষ্য’—এমন কথাও তথ্যদাতাকে বলেন তিনি। গত মে মাসে নীলেশ তথ্যদাতার সঙ্গে দেখা করেন এই ভেবে যে তিনি আইএসের সদৃশমনা একজন সমর্থক।
নথিপত্রে বলা হয়, তথ্যদাতা নীলেশকে বলেছিলেন, মার্কিন সেনাবাহিনীর একজন সদস্যকে হামলার নিশানা করা নিয়ে ইরাকের আইএস গোষ্ঠী থেকে তথ্য পেয়েছেন তিনি। এ কথা শুনে নীলেশ নাকি বলেছিলেন, তিনি হামলায় সহায়তা করতে চান। এ জন্য গোলাবারুদও কিনেছেন। নীলেশের ধারণা ছিল, হামলার জন্য এফবিআইয়ের তথ্যদাতা ৮০ হাজার ডলার পরিশোধ করবেন। পরে কল্পিত হামলাস্থলে বন্দুকসহ তথ্যদাতাকে নিয়ে যাওয়ার সময় নীলেশকে গ্রেপ্তার করা হয়।