মার্কেট দখল করে দোকানে তালা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর বাজারে মার্কেট দখল করে ২০টি দোকানঘরে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই মার্কেটের মালিক ও দোকানিরা থানায় অভিযোগ করার ছয় দিন পরও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। গতকাল মঙ্গলবার নওগাঁ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই মার্কেটের মালিক সুলতান ফেরদৌস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুলতান ফেরদৌসের ছোট ভাই ও মার্কেটের আরেক অংশীদার শহীদ হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, খান্দই গ্রামের বাসিন্দা সুলতান ফেরদৌস ও শহীদ হাসান ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে পৈতৃক সূত্রে পাওয়া ৩২ শতক জমিতে পাকা ও আধা পাকা ২০টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। ২০ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ীরা দোকানঘরে তালা দিয়ে চলে যান। পরদিন সকালে দোকানঘর খুলতে এসে ঘরগুলোতে আরেকটি করে তালা মারা দেখতে পান। খবর পেয়ে সুলতান ফেরদৌস ও শহীদ হাসান তালাগুলো ভাঙতে গেলে গগনপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান বাধা দেন। পরবর্তী সময়ে তালা খোলার চেষ্টা করলে তাঁদের প্রাণনাশের হুমকি দেন কামরুল। ওই দিনই শহীদ হাসান পত্নীতলা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই মার্কেটের ১৭ জন ব্যবসায়ী এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। কিন্তু এখন পর্যন্ত দোকানঘরের তালা খুলতে না পারায় কাঁচা মালামালসহ বিভিন্ন মালামালের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে কামরুল হাসান দাবি করেন, ‘পৈতৃক সূত্রে ওই সম্পত্তির মালিক আমি। কিছুদিন এলাকার বাইরে থাকায় সুলতান ফেরদৌস ও শহীদ হাসান ওই জমি দখল করে মার্কেট নির্মাণ করেন। আমার সম্পত্তি আমি এখন দখলে নিয়েছি। এতে অন্যায়ের কিছু তো দেখছি না।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, বিষয়টি নিয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। ভুক্তভোগী ব্যক্তিরা থানায় এসেছিলেন পরামর্শ চাইতে। তাঁরা কোনো মামলা করেননি। মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। উভয় পক্ষই ওই জমির দাবিদার। মার্কেট দখল করে দোকানঘরে তালা দেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে সমাধানের জন্য স্থানীয় চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির নেতাদের বলা হয়েছে।