মার্কেট নির্মাণ নিয়ে সংঘর্ষ, যুবলীগ নেতাসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে একটি বিদ্যালয়ের মালিকানাধীন মার্কেটের নির্মাণকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা যুবলীগের সভাপতিসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। পরে গাংনী থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পুরোনো মার্কেটে ১৩টি দোকান ছিল। সে দোকানগুলো ভেঙে দোতালা একটি ভবনে ২৮টি দোকান তৈরি করা হচ্ছে। এসব দোকানের বরাদ্দ নিয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সঙ্গে বিদ্যালয়ের জমিদাতা কয়েকজনের বিরোধ তৈরি হয়। গতকাল দুপুর ১২টায় বিদ্যালয় কক্ষে সভা চলাকালে ওই জমিদাতাদের সঙ্গে মোশারফের বাগ্বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক পক্ষের মোশারফ হোসেন ও বামন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রায়হান আলী ও অপর পক্ষের বড় বাবু নামের এক ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন মোশারফ হোসেন ও বড় বাবুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন।
জমিদাতা রাশেদুল ইসলাম অভিযোগ করেন, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও মার্কেট নির্মাণ নিয়ে সভাপতির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সভাপতি ও সভাপতির লোকজন মিলে বিদ্যালয়টিকে বাণিজ্য কেন্দ্র বানিয়ে ফেলেছেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সুযোগ পেয়েই ওই পক্ষের লোকজনকে ধাওয়া করেছে।