মার্কেটের নৈশপ্রহরী খুন, আটক ২
বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকায় অবস্থিত দুপচাঁচিয়া নিউমার্কেটের নৈশপ্রহরী মোজাহার আলীকে (৫৫) শ্বাসরোধ ও গলায় ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মার্কেটের একটি সোনার দোকানের তালা কেটে স্বর্ণালংকার ও রুপার তৈরি গয়না লুট করে।
মোজাহার উপজেলা সদরের ডিমশহর গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে দুই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলা সদরের মণ্ডলপাড়ার গোলাম রব্বানী (৪৫) ও সরদারপাড়ার মানিক সরদার (৩৫)। পুলিশ গতকাল রোববার সকালে ঘটনাস্থল থেকে দুটি গ্যাসের সিলিন্ডার, একটি হাইড্রোলিক কাটিং যন্ত্র, একটি ব্যাগ, মোজাসহ এক জোড়া জুতা মাস্ক, একটি বিছানার চাদর ও একটি ছুরি উদ্ধার করেছে।
মার্কেটের দোকানদারেরা বলেন, দুপচাঁচিয়া নিউমার্কেটে ঢোকার চারটি প্রধান ফটকে তালাবদ্ধ করে নৈশপ্রহরী মোজাহার রাতে পাহারা দিতেন। মার্কেটের পশ্চিম ফটকে সিসি টিভি ক্যামেরা ছিল। তবে পূর্ব ফটকে সিসি টিভি ক্যামেরা ছিল না। তিনতলা মার্কেটের নিচতলা ও দোতলায় বিভিন্ন ধরনের শতাধিক দোকান এবং দোতলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা। মার্কেটের তিনতলায় পরিবার নিয়ে থাকেন মার্কেটের মালিক শামসুদ্দিন আহম্মেদ।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, রাতে দুর্বৃত্তরা আগে থেকে নিউমার্কেটের তিনতলায় নির্মাণাধীন মসজিদে অবস্থান নেয়। মোজাহার আলীকে হত্যা করে পূর্ব দিকের ফটক দিয়ে জব্দ করা মালামাল ঢোকায়। এরপর নিচতলায় মেসার্স মাকসুমা জুয়েলার্সের দোকানের তালা কেটে দোকানের শোকেসে রাখা রুপার তৈরি গয়না ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ভোরে শামসুদ্দিন আহম্মেদ নামাজের জন্য নিচতলায় এসে মোজাহারের রক্তমাখা লাশ দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হন।
জুয়েলার্সের মালিক আবুবক্কর ছিদ্দিক বলেন, তাঁর দোকানের পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৪০ ভরি রুপার গয়না লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে সিন্দুকের তালা খোলার চেষ্টা করে তা ভাঙতে পারেনি।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির বড় ছেলে আবদুস সালাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।