মানবাধিকার সংগঠন অধিকারের গত মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ৩২ জন মারা গেছেন। গুম হয়েছেন নয়জন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ১২ জন। এঁদের মধ্যে আটজন পুলিশের হাতে নিহত হন।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো অধিকারের বিবৃতিতে বলা হয়, রিমান্ডে নিয়ে নির্যাতন করার অধিকাংশ ঘটনার শিকার হয়েছেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ও সন্দেহভাজন ব্যক্তিদের পায়ে গুলি করার নতুন এক নৃশংস প্রবণতা পুলিশের মধ্যে লক্ষ করা যাচ্ছে। মার্চ মাসে সাতজনকে পুলিশ আটকের পর পায়ে গুলি করেছে। বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এ ধরনের প্রবণতার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
মার্চ মাসে আট ব্যক্তি গণপিটুনিতে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংগঠনটি মনে করে, মানুষের মধ্যে আইনের প্রতি অশ্রদ্ধা ও অস্থিরতার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।