মালদ্বীপে দুই বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে দুজন বাংলাদেশি শ্রমিক খুন হয়েছেন। তাঁরা হলেন শাহীন মিয়া ও বিলাল। তাঁদের মধ্যে শাহীন (২৫) গত রোববার রাজধানী মালের একটি ক্যাফেতে ছুরিকাঘাতে নিহত হন। অন্যদিকে আলিফ আফিল আতোল থড্ডু দ্বীপ থেকে গত সোমবার রাতে বিলালের লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার রাতে মালের একটি মাছবাজারে একজন বাংলাদেশিসহ দুই বিদেশি শ্রমিককে ছুরিকাঘাত করা হয়েছে। অন্যজন ভারতের নাগরিক। খবর মিনিভ্যান নিউজের।
শাহীন খুন হওয়ার খবর শুনে তাঁর বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। শাহীনের মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
থড্ডু কাউন্সিলের প্রেসিডেন্ট হাসান ইব্রাহিম বলেন, বিলালের বয়স ২০ থেকে ২৫ বছর। তাঁর গলায় কাপড় প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। তিনি দ্বীপের সিনুসানফেজে অন্য তিনজন বিদেশি শ্রমিকের সঙ্গে থাকতেন। পুলিশ রাত পৌনে ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় অন্য তিন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
শাহীন কাজ করতেন মালের লিয়ানু ক্যাফেতে। একদল মুখোশধারী রোববার ভোর চারটার দিকে ঘুমন্ত শাহীনকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মালেতে বাংলাদেশ হাইকমিশনের কাছে অন্তত ২৫ জন শ্রমিকের একটি দল বিক্ষোভ করে। শাহীন হত্যার ঘটনায় বিদেশি শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির মানবাধিকার সংগঠন ট্রান্সপারেন্সি মালদ্বীপ।