মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে গতকাল বৃহস্পতিবার একজন অভিবাসীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। লামু অ্যাটল এলাকার গান দ্বীপে পাওয়া মরদেহটি বাংলাদেশি শ্রমিকের বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর মিনিভান নিউজ ও হাভিরু অনলাইনের।
ওই বাংলাদেশির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আনুমানিক প্রায় ৩০ বছর বয়সের ওই ব্যক্তি ‘বাসান’ নামে পরিচিত এবং মালদ্বীপে বৈধ কাগজপত্র ছাড়াই গত ১০ বছর কর্মরত ছিলেন বলে জানা গেছে।
মরদেহটি যে বাড়িতে পাওয়া গেছে, তার তত্ত্বাবধায়ক ইসহাক ইউসুফ জানান, গতকাল স্থানীয় সময় সকাল সাতটার দিকে বাসানের মরদেহটি পাওয়া গেছে। এর কয়েক দিন আগে তিনি ওই বাড়িতে আসেন থাকার জন্য। তখন তিনি জানান, রাজধানী মালেতে বাড়িটির মালিকের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। মালিক তাঁর পূর্বপরিচিত। সর্বশেষ গত মঙ্গলবার বাসানের সঙ্গে কথা হয় ইসহাকের।
ইসহাক বলেন, গতকাল সকালে তিনি কিছু জিনিস আনতে গিয়ে দেখতে পান, বাসানের রক্তাক্ত লাশ বারান্দায় পড়ে আছে। মুখের ডান দিকসহ মাথার বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত রয়েছে।
পুলিশ জানায়, লাশটি উদ্ধারের সময়ের ২৪ ঘণ্টা আগে খুনের ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এ নিয়ে মালদ্বীপে এ বছর তিনজন বাংলাদেশি শ্রমিক এভাবে খুন হলেন। গত ২২ মার্চ শাহিন মিয়া (২৫) নামের একজন বাংলাদেশি শ্রমিককে মালের একটি ক্যাফেতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এর দুদিন পর কাজী বিল্লাল নামের একজনের লাশ পাওয়া যায় আলিফ আলিফ অ্যাটল থোডু এলাকায়। বাংলাদেশি ওই তরুণের গলায় কাপড় প্যাঁচানো ছিল।