মালবোঝাই ট্রাকে আগুন প্রতিবাদে বিক্ষোভ
চাঁদা না দেওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১০ নম্বর সেগুনবাগান এলাকায় মালবোঝাই ট্রাকে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। গতকাল রোববার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনী থেকে খাগড়াছড়ি-দীঘিনালা হয়ে বাঘাইছড়ি উপজেলায় একটি মালবোঝাই ট্রাক যাচ্ছিল। সকাল আটটার দিকে দীঘিনালা-মারিশ্যা সড়কের সেগুনবাগান এলাকায় পৌঁছালে সাত থেকে আটজনের একদল সশস্ত্র সন্ত্রাসী ট্রাকটির গতি রোধ করে। তারা অস্ত্রের মুখে ট্রাকচালক ইসমাইল হোসেন ও তাঁর সহকারী মো. জয়নালকে জিম্মি করে। পরে তাঁদের সামনে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় চালকের কাছ থেকে টাকা ও ট্রাকের চাবি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা পালিয়ে গেলে দ্রুত ট্রাকের আগুন নেভানো হয়। এ কারণে ট্রাক ও মালামালের তেমন ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ট্রাকচালক ইসমাইল হোসেন বলেন, ‘আমি দ্রুতগতিতে ট্রাকটি চালিয়ে যাচ্ছিলাম। সেগুনবাগান এলাকায় পৌঁছার পর প্রথমে দুই অস্ত্রধারী ট্রাক থামাতে সংকেত দেয়। ট্রাক থামালে কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ও আমার সহকারীকে ট্রাক থেকে টেনে নামান। সন্ত্রাসীরা প্রথমে ট্রাকের চাবি ও মুঠোফোন কেড়ে নেয়। পরে আমার পকেট থেকে টাকা বের করতে বলে। টাকা বের করতে দেরি হওয়ায় আমাদের দুজনকে ব্যাপক মারধর করা হয়।’
এ খবর ছড়িয়ে পড়লে বাঘাইছড়ি উপজেলা সদরে বাঙালি ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। দোকানপাট বন্ধ রেখে উপজেলা প্রশাসনের সামনে কয়েক শ ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন। পরে হাজীপাড়া হারুন সুপার মার্কেট ঘুরে চৌমুহনী এলাকায় মুক্তমঞ্চে একটি সমাবেশ করা হয়। এতে মসজিদ মার্কেট পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন, চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, দুই মাস আগে উপজেলা সদরে কয়েকটি বিপণিবিতান থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে মালবোঝাই গাড়িতে আগুন দেওয়াসহ নানা হুমকি দিয়ে আসছে ওই সন্ত্রাসীরা। এ কারণেই গতকাল মালবোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে যাচ্ছে। আমরা চাঁদা দিতে রাজি না হওয়ায় নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমরা ব্যবসায়ী সমাজ আর বেশি দিন সহ্য করব না। ভবিষ্যতে যদি আমাদের কাছ থেকে চাঁদা দাবি ও এ ধরনের ঘটনা ঘটে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
এ ব্যাপারে ইউএনও মুফিদল আলম বলেন, ‘ব্যবসায়ীদের দেওয়া স্মারকলিপি পেয়েছি।’