মালয়েশিয়ায় অপহৃত সাংসদ এনামের শ্বশুর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অপহৃত সাভারের সাংসদ এনামুর রহমানের শ্বশুর ফজলুল হককে (৬৫) গতকাল শুক্রবার রাতে উদ্ধার করেছে সে দেশের পুলিশ। বুধবার দেশে ফেরার উদ্দেশে কুয়ালালামপুর বিমানবন্দরে আসার সময় তিনি অপহৃত হন। এরপর তাঁর পরিবারের কাছে বাংলাদেশে মুক্তিপণ চাওয়া হয়। ওই মুক্তিপণ সংগ্রহ করতে আসা দুজনকে আটক করেছে র‍্যাব। 

সাংসদ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মালিক এনামুর রহমান গতকাল রাত সাড়ে ১১টায় প্রথম আলোকে জানান, এক ঘণ্টা আগে তাঁকে (ফজলুল হককে) উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। তাঁর সঙ্গে ফোনে বাংলাদেশে থাকা স্বজনদের কথা হয়েছে। তিনি সুস্থ আছেন। তিনি জানান, অপহরণ ঘটনার সঙ্গে জড়িত সবাই বাংলাদেশি। মালয়েশিয়ার পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে শোনা গেছে। তবে তাঁদের নাম প্রকাশ করেনি। বিভিন্ন সূত্র থেকে অপহরণের সঙ্গে জড়িত চারজনের নাম মিলেছে—এঁরা হলেন দেলোয়ার, রফিক, আবদুল আলিম ও হারুন।

পারিবারিক সূত্র জানায়, এনামুর রহমানের তৃতীয় স্ত্রী চিকিৎসক ফরিদা রহমানের বাবা ফজলুল হক একসময় বেসরকারি সংস্থায় চাকরি করতেন। অবসরের পর তিনি মালয়েশিয়ায় কিছু ব্যবসা গড়ে তুলেছেন। তিনি নিয়মিত মালয়েশিয়া যাওয়া-আসা করতেন। কুয়ালালামপুরে তাঁর ফ্ল্যাট রয়েছে। বুধবার তিনি দেশে আসার জন্য বিমানবন্দরের পথে অপহৃত হন। এরপর বাংলাদেশে তাঁর স্বজনদের নম্বরে ফোন করে প্রথমে ১০ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে কোটি টাকায় রফা হয়। এর মধ্যে বাংলাদেশে ৭০ লাখ ও মালয়েশিয়ায় ৩০ লাখ টাকা পরিশোধের কথা হয়। অপহরণকারীরা টাঙ্গাইলের একটি জায়গায় ৭০ লাখ টাকা পরিশোধ করতে বলে। সে অনুযায়ী স্বজনেরা টাকা নিয়ে গেলে ওই জায়গা থেকে র‍্যাব দুজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন আল আমিন ও নজরুল ইসলাম।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানান, আল আমিন ও নজরুল মামাতো-ফুফাতো ভাই। এঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। আল আমিনের ভাই মালয়েশিয়ায় ওই অপহরণের ঘটনায় জড়িত। সেখান থেকে তিনি আল আমিনের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা সংগ্রহ করতে বলেন।

সাংসদ এনামুর জানান, বাংলাদেশে গ্রেপ্তার আল আমিনের ভাইয়ের নাম আবদুল আলিম। তিনি ওই অপহরণের ঘটনায় জড়িত বলে তাঁরা মালয়েশিয়ার পুলিশের মাধ্যমে শুনেছেন। ফজলুল হক বিমানবন্দর থেকে তাঁর কুয়ালালামপুরের ফ্ল্যাটে যেতে নিয়মিত দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি ট্যাক্সিচালকের গাড়ি ব্যবহার করতেন। দেলোয়ারকেও গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।

স্বজনেরা জানান, বাংলাদেশে র‍্যাব আল আমিনকে আটকের পরে কিছু সূত্র পাওয়া যায়। যার ফলে মালয়েশিয়ার পুলিশ ফজলুল হককে দ্রুত উদ্ধারে সমর্থ হয়।