মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ৬ তরুণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার অভিযোগে কক্সবাজার শহরের সমিতিপাড়া থেকে গত বৃহস্পতিবার রাতে ছয় তরুণকে উদ্ধার করেছে পুলিশ। তরুণেরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার গৌরবপুর গ্রামের খলিল, কাউছার, শাকিল, শরিফ, কামাল ও কাউসার।
উদ্ধার হওয়া খলিলের ভাষ্য অনুযায়ী, তাঁরা ছয় বন্ধু সোমবার কক্সবাজার বেড়াতে আসেন। কক্সবাজারে আসার পর তাঁদের সঙ্গে মহেশখালীর সোনাদিয়া এলাকার শাহাদাত নামের পূর্বপরিচিত এক ব্যক্তির দেখা হয়। তিনি বোনের বিয়ের কথা বলে বৃহস্পতিবার রাতে তাঁদের সমিতিপাড়ার দিদারুল আলমের বাড়িতে নিয়ে যান। সেখানে যাওয়ার পর দিদার তাঁদের মুঠোফোন ছিনিয়ে নিয়ে বাড়িতে আটকে রাখে। শাহাদাতের আর খোঁজ পাননি তাঁরা।
খলিল জানান, রাত ১২টার দিকে দিদারের লোকজন তাঁদের জোর করে ট্রলারে তুলে দেওয়ার চেষ্টা করলে তাঁরা হইচই শুরু করেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সমিতিপাড়ার বাসিন্দা ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আকতার কামাল বলেন, ছয় তরুণকে মালয়েশিয়ায় পাচারের জন্য দিদারের বাড়িতে বন্দী রাখা হয়েছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, দিদারুল আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।