মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ, চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সুবাং জায়ায় এক বাংলাদেশিকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে একজন মালয়েশিয়ান ও তিনজন মিয়ানমারের নাগরিক। খবর দ্য স্টারের।
সুবাং জায়ার পুলিশ কর্মকর্তা ইয়াহইয়া রামিল বলেন, একটি দোকানে কর্মরত ৩৯ বছর বয়স্ক ওই বাংলাদেশিকে ২২ জানুয়ারি অপহরণ করে নিয়ে যায় দুই মালয়েশিয়ান। তারা অপহৃত ব্যক্তির মুঠোফোন থেকে বাংলাদেশে তাঁর পরিবারের সঙ্গে কথা বলে চার লাখ রিঙ্গিত মুক্তিপণ দাবি করে। পরিবার থেকে ৩০ হাজার রিঙ্গিত পাঠানো হয় এবং মালয়েশিয়ায় এক সহকর্মীকে বিষয়টি অবহিত করা হয়। ওই সহকর্মী পুলিশের কাছে অভিযোগ করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে ২৫ জানুয়ারি প্রথমে দুই মিয়ানমারের শ্রমিককে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণকারী দলের হোতা ৪২ বছরের এক মালয়েশিয়ানকে গ্রেপ্তার করা হয়। ওই লোকের বিরুদ্ধে ছয়টি বাণিজ্যিক অপরাধ-সংক্রান্ত মামলায় পরোয়ানা রয়েছে। তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা-সংক্রান্ত বিভাগের ভুয়া কাগজপত্র পাওয়া গেছে।
ইয়াহইয়া রামিল বলেন, এর দুই দিন পর সুনগাই বনাঞ্চলের পাশে একটি স্থান থেকে অপহৃতকে উদ্ধার করে পুলিশ। সেখান
থেকে ১৯ বছরের আরেক মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গত মাসে একটি বন থেকে অপহৃত দুই বাংলাদেশির বিকৃত লাশ উদ্ধার করেছিল পুলিশ।
অভিবাসন কর্মকর্তা ছদ্মবেশে ডাকাত আটক: মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকা জানায়, পিটালিং জায়া এলাকায় গত শুক্রবার অভিবাসন কর্মকর্তার ছদ্মবেশে ডাকাতি করার সময় একজনকে আটক করে গণপিটুনি দিয়েছেন সাত বাংলাদেশি শ্রমিক।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহম্মদ জানি চে দিন বলেন, কয়েকজন ডাকাত অভিবাসন কর্মকর্তার বেশে এসে বাংলাদেশি শ্রমিকদের কাগজপত্র দেখতে চায়। তাদের একজন বলে, কাগজপত্র ঠিক নেই। এর ফাঁকে বাকিরা টাকা, মুঠোফোন ও দামি জিনিসপত্র নিয়ে পালাতে চেষ্টা করে। তখন বাংলাদেশি শ্রমিকেরা তাদের একজনকে ধরে ফেলেন।