মালয়েশিয়ায় যাওয়ার পথে আটক ১২
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের জলসীমা থেকে আটজনকে আটক করে কোস্টগার্ড। এ সময় সন্দেহভাজন চারজন দালালকেও আটক করা হয়।
কোস্টগার্ডের ভাষ্য, আজ বিকেলে ‘এমভি পোর্টে গ্রান্ডে’ জাহাজে করে নিয়মিত টহল দেওয়ার সময় একটি মাছ ধরার নৌকা দেখে সন্দেহ হয় কোস্টগার্ড সদস্যদের। তারা নৌকাটি থামানোর নির্দেশ দিলে মাঝিরা নৌকাটি নিয়ে পালিয়ে যেতে থাকে। পরে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে তল্লাশি চালায়। নৌকা থেকে ১২ জনকে আটক করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেওয়া ‘এমভি পোর্টে গ্রান্ডে’ এর অধিনায়ক লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন রাতে সাগর থেকে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘চারজন দালাল আটজন ব্যক্তিকে নিয়ে সেন্টমার্টিনের অদূরে মালয়েশিয়াগামী আরেকটি নৌকায় তুলে দিতেন। পথে কক্সবাজার উপকূল থেকে আরও মানুষজন এই মাছ ধরার নৌকায় ওঠার কথা ছিল। ভুক্তভোগী ও দালালদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হচ্ছে।’
উদ্ধার হওয়া আটজন হলেন নরসিংদীর মো. রুকন, ধানা মিঞা ও মো. শরীফ, ময়মনসিংহের মো. জুনায়েদ ও নুরুল ইসলাম, মাগুরার মো. শাহীন, বগুড়ার তমিজ উদ্দিন ও চট্টগ্রামের সৈয়দ আমিন। আটক চার দালাল মো. মোক্তার, মো. রশীদ, মো. হাসেম ও জোবায়ের বাড়ি কক্সবাজারে।
১২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।