মালয়েশিয়ায় ২১ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ২১ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নৌকায় করে মালয়েশিয়ায় প্রবেশের সময় গত শনিবার ওই বাংলাদেশিদের আটক করা হয়। খবর ন্যাশন মাল্টিমিডিয়ার।
মালয়েশিয়ার সমুদ্রসীমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির একটি জেলা পরিচালনা প্রধান রোমলি মুস্তফা ২১ বাংলাদেশি আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার কুয়ালালামপুরের কাছে একটি টাগবোট (বড় আকৃতির ইঞ্জিনচালিত নৌকা) থেকে ওই সন্দেহভাজন বাংলাদেশিদের আটক করা হয়। এ সময় একজন আফগান নাগরিক ও নৌকার দুজন কর্মচারীকেও আটক করা হয়েছে। আটক বাংলাদেশিদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
রোমলি মুস্তফা আরও বলেন, মালয়েশিয়ায় প্রবেশের সময় একসঙ্গে এতবেশি সংখ্যক বাংলাদেশিকে আটকের ঘটনা এই প্রথম। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইন্দোনেশিয়া হয়ে ওই বাংলাদেশিরা মালয়েশিয়া যাচ্ছিলেন।