মালামাল লুট করেছিলেন রাসেল

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম, শামসুজ্জামান, আলেক ব্যাপারী, বাবু ও মোস্তফা আহমেদ ওরফে রাসেল নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে রাসেল নিজে খিজির খানের বাসার তৃতীয় তলায় মালামাল লুট করেছিলেন বলে জানায় ডিবি। খিজির খানের পরিবারের সদস্যরাও রাসেলকে শনাক্ত করেছেন। তাঁরাও বলছেন, ঘটনার সময় মালামাল লুট করেছিলেন রাসেল।
গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডায় নিজ বাসার দোতলায় ‘রহমতিয়া খানকা শরিফে’ হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয় খিজির খানকে। তিনি ওই খানকা শরিফের পীর ছিলেন। হত্যার আগে তৃতীয় তলায় তাঁর পরিবারের সদস্যদের মুখ, হাত-পা বেঁধে জিম্মি করা হয়। এ ঘটনায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
ঘটনার নয় দিন পর, গত ১৪ অক্টোবর টাঙ্গাইল থেকে তরিকুলকে ও ঢাকার মিরপুর থেকে আলেক ব্যাপারীকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের কাছ থেকে খিজির খানের বাড়ি থেকে লুট হওয়া দুটি ল্যাপটপ, দুটি ক্যামেরা ও স্বর্ণালংকার উদ্ধার
করা হয়। এই দুজনের কাছ থেকে তথ্য পেয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহে শামসুজ্জামানকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে, বাবুকে উত্তরা থেকে এবং সবশেষ গত ২৭ অক্টোবর সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয় রাসেলকে।
প্রথম দফায় রিমান্ডের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তরিকুল। রাসেলকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত শনিবার ডিবি কার্যালয়ে গিয়ে রাসেলকে শনাক্ত করেছেন খিজির খানের পরিবারের সদস্যরা।
ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকা থেকে বাড্ডায় এসে গ্রেপ্তাকৃতরা খিজির খানকে হত্যার মিশনে অংশ নেন। তবে এঁরা কেউই একে অন্যের নাম বা ব্যক্তিগত পরিচয় জানেন না। নির্দেশদাতা বা গুরুর নির্দেশে তাঁরা কাজ করেন।
ঘটনার পরবর্তী এক মাসে তদন্তকাজে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী খিজির খানের ছোট ছেলে আশরাফুল ইসলাম। তিনি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘তরিকুলের কাছ থেকে আমাদের দুটি ল্যাপটপ পাওয়া গেছে। সরাসরি আমি ওই ল্যাপটপ দুটি শনাক্ত করে এসেছি। ল্যাপটপের সিরিয়াল নম্বর আছে। ল্যাপটপ যার কাছে পেলাম, সে জড়িত না হলে আর কে জড়িত? শেষ গ্রেপ্তার হওয়া রাসেলকে আমাদের পরিবারের সদস্যরা গত শনিবার ডিবি অফিসে গিয়ে শনাক্ত করেছেন।’
এখন ঘটনার নেপথ্য নায়কদের গ্রেপ্তার করা জরুরি বলে মনে করেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, নির্দেশদাতাকে গ্রেপ্তার করা পুরো দেশের জন্যই প্রয়োজন। কারণ এঁরা এ ধরনের অপারেশন আরও চালাচ্ছেন। যাঁরা গ্রেপ্তার হচ্ছেন, তাঁরা মাঠপর্যায়ের সৈনিক। কিন্তু নির্দেশদাতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই ভাগে ভাগ হয়ে খিজির খানের বাসায় যায় দুর্বৃত্তরা। এদের মধ্যে একটি দল তৃতীয় তলায় লুটপাট করে। রাসেল এদের সঙ্গে ছিল। আশা করা যাচ্ছে ঘটনার সঙ্গে যুক্ত অন্যদেরও দ্রুতই গ্রেপ্তার করা যাবে।