
মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে এমএল পিনাক-৬ নামের লঞ্চ দুর্ঘটনার জন্য অতিরিক্ত যাত্রী বোঝাই, ঘাটের অব্যবস্থাপনা, দুর্যোগপূর্ণ আবহাওয়াই বড় কারণ। পাশাপাশি লঞ্চের ফিটনেস ও নকশাতেও ত্রুটি ছিল। এই দুর্ঘটনার জন্য লঞ্চের মালিক, মাস্টার, চালক এবং ঘাট ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী।
গত ৪ আগস্ট সংঘটিত আলোচিত এই লঞ্চ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল রোববার তদন্ত কমিটি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও নৌসচিব সৈয়দ মনজুরুল ইসলামের কাছে প্রতিবেদনটি জমা দিয়েছে। কমিটি সূত্রে প্রতিবেদনের বিভিন্ন বিষয় জানা গেছে।
কমিটির প্রধান নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (টাস্কফোর্স) নূর-উর-রহমান গতকাল তাঁর কার্যালয়ে প্রথম আলোর কাছে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও প্রতিবেদনে কী আছে, তা জানাতে অপারগতা প্রকাশ করেন।
জানতে চাইলে নৌমন্ত্রী শাজাহান খান সন্ধ্যায় সচিবালয়ে প্রথম আলোকে বলেন, ‘মাত্র প্রতিবেদন পেয়েছি। এখনো ভালো করে দেখিনি। প্রতিবেদনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্ঘটনার দিনেই নৌ-মন্ত্রণালয় এই কমিটি গঠন করে। সাত সদস্যের কমিটিতে সদস্যসচিব করা হয় সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান নটিক্যাল সার্ভেয়ারকে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রাকৃতিক কারণসহ বিভিন্ন কারণে সময় বৃদ্ধি করা হয়। অবশেষে এক মাস ১০ দিন পর প্রতিবেদন জমা দেওয়া হলো। তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, মূল তদন্ত প্রতিবেদনটি ৬৯ পৃষ্ঠার। এর সঙ্গে সংযুক্তি হিসেবে আরও ৮৯ পৃষ্ঠার আনুষঙ্গিক কাগজপত্র জমা দেওয়া হয়েছে।
গত ৪ আগস্ট এমএল পিনাক-৬ প্রায় ৩০০ যাত্রী নিয়ে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়া আসার পথে পদ্মা নদীতে ডুবে যায়। লঞ্চটির যাত্রী ধারণক্ষমতা ৮৫ জন হলেও কয়েক গুণ বেশি যাত্রী বহন করা হয়। দুর্ঘটনার পর ১১টি শিশুসহ ৪৭ জন যাত্রীর লাশ পাওয়া যায়। সরকারি হিসাবেই ৬১ জন নিখোঁজ রয়েছেন, যেখানে শিশু ২৪। দুর্ঘটনার আট দিনের মাথায় ৬১ জন নিখোঁজ রেখেই উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়।
কমিটি সূত্রে জানা গেছে, অতিরিক্ত যাত্রী নেওয়াসহ অন্যান্য অনিয়মের জন্য ওই লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক ওরফে কালু, মাস্টার, চালক এবং কাওড়াকান্দি ঘাটে নিয়োজিত অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হয়। এ ছাড়া লঞ্চটির নিবন্ধনদাতা, বার্ষিক জরিপকারক এবং টোকেন সরবরাহকারীর দায়িত্বে অবহেলার বিষয় উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ফিটনেসের মেয়াদ শেষ হওয়ার পরও লঞ্চটিকে আরও কিছুদিন চালানোর (টোকেন) সুযোগ দেওয়া হয়, যা সঠিক হয়নি। লঞ্চের নকশাও সঠিক ছিল না। কমিটির সুপারিশের মধ্যে রয়েছে অতিরিক্ত যাত্রী বহন না করা, পর্যাপ্ত সময় নিয়ে মাঠ পর্যায়ে লঞ্চের জরিপকাজ সম্পন্ন করা, অনিয়ম ও দুর্ঘটনা হলে তাৎক্ষণিক শাস্তির বিধান, অশান্ত জলরাশিতে যাতে এ ধরনের ছোট (৫০ মিটারের নিচে) লঞ্চ চলাচল না করতে পারে, তার ব্যবস্থা করা (পিনাক-৬ ছিল সাড়ে ১৯ মিটার), ঈদ, পূজার মতো বড় উৎসবের যাত্রায় নৌপথ, ঘাট ও নৌযানে অতিরিক্ত তদারকির ব্যবস্থা করা ইত্যাদি।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির অন্যতম এক সদস্য প্রথম আলোকে বলেন, প্রতিবেদন জমা দেওয়া হয়েছে; তবে এর পরিণতি কী, তা তাঁদের পক্ষে বলা সম্ভব নয়। অতীতে দেওয়া প্রতিবেদনগুলোর বেশির ভাগ আমলেই নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তবে পিনাক দুর্ঘটনার পর গত ৮ আগস্ট নৌমন্ত্রী প্রথম আলোকে বলেছিলেন, তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের সামনে প্রকাশ করা হবে এবং এর সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। এ ছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী বিষয়টি নৌ-আদালতে পাঠানো হবে।
দুর্ঘটনার পর গঠিত অপর একটি তদন্ত কমিটি করে সমুদ্র পরিবহন অধিদপ্তর। কিন্তু সেই কমিটি পরে বাতিল করা হয়।
আগের সংবাদ