মালিক সমিতির নামে অটোরিকশায় চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ তেঁতুলতলা এলাকায় অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। কোনাবাড়ি অটোরিকশা মালিক সমিতির নামে এই চাঁদাবাজি চলছে। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে না চাইলে চালককে মারধর করা হয়।
এলাকাবাসী ও ভুক্তভোগী চালকদের সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ি বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর বাজার। কোনাবাড়ি-সাকাশ্বর সড়কে অন্যান্য যানবাহনের পাশাপাশি প্রতিদিন পাঁচ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। কয়েক দিন ধরে কোনাবাড়ি অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে কয়েকজন লোক আমবাগ তেঁতুলতলা এলাকায় অবস্থান নিয়ে প্রতিটি অটোরিকশাচালকের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কোনাবাড়ি-সাকাশ্বর সড়কের আমবাগ তেঁতুলতলা এলাকায় দুজন যুবক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। অটোরিকশা এলেই তাঁরা অটোরিকশার গতিরোধ করে ১০ টাকা করে আদায় করেন। পরে প্রতিটি অটোরিকশার পেছনের দিকে তারিখসহ একটি স্টিকার লাগিয়ে দেন।
ওয়হিদুল মিয়া নামের একজন অটোরিকশাচালক প্রথম আলোকে বলেন, ছয় থেকে সাত মাস ধরে তিনি অটোরিকশা চালাচ্ছেন। পথে কাউকে কোনো চাঁদা দিতে হয়নি। কিন্তু কয়েক দিন ধরে আমবাগ তেঁতুলতলা এলাকায় জবরদস্তি করে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে।
সবুর হোসেন নামের আরেকজন চালক বলেন, চাঁদা দিতে না চাইলে বকাঝকা ও মারধর করা হয়। এ ছাড়া অটোরিকশা আটকে রাখা হয়।
জবরদস্তি ও মারধরের অভিযোগ অস্বীকার করে কোনাবাড়ি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আবুবকর ছিদ্দিক বলেন, ‘আমরা একটি সমিতি করেছি। ওই সমিতির সঞ্চয়ের জন্য টাকা তোলা হচ্ছে। তবে কারও কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয় না।’
জানতে চাইলে জয়দেবপুর থানা এলাকার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’