মালিককে আটকে বাগানের ৫১ আমগাছ কেটে নিল সন্ত্রাসীরা
বাগানমালিককে বাড়িতে আটকে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় সন্ত্রাসীরা ৫১টি আমগাছ কেটে নিয়েছে। উপজেলার খড়াইল সরকারপাড়া গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। গাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্র জানায়, খড়াইল সরকারপাড়া গ্রামের আমানুল্লাহ সরকারের (৬৫) সঙ্গে তাঁর বোন ও পাশের খলনা গ্রামের আবুল কাসেমের স্ত্রী রহিমা বেগমের (৬০) মধ্যে প্রায় তিন বিঘার একটি আমবাগান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বাগানের জমিটি রহিমা বেগম খড়াইল সরকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের (৪৫) কাছে বিক্রি করে দেন। এরই জের ধরে গত সোমবার দিবাগত রাতে সিরাজুলের নেতৃত্বে একই গ্রামের আতাউর রহমান, ইউসুফ বাবুসহ ৭০-৮০ জনের একটি দল আমানুল্লাহর বাড়ি ঘেরাও করে রাখে। এরপরও বাইরে বের হওয়ার চেষ্টা করলে আমানুল্লাহ, তাঁর স্ত্রী আবেদা বেগম (৪৫) এবং মেয়ে মনিরাকে (১৬) মারধর করে আবার ঘরে আটকে রাখে সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত প্রায় তিনটা থেকে শুরু করে পরদিন সকাল সাতটা পর্যন্ত সন্ত্রাসীরা বাগানের ৫১টি আম, একটি করে লিচু ও নারিকেলগাছ কেটে নিয়ে যায়।
আমানুল্লাহর ছেলে ও মামলার বাদী শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তাঁদের প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। গাছে প্রায় দেড় লাখ টাকার আম ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক ব্যক্তি জানান, গাছ কাটতে আসা সন্ত্রাসীদের কাছে অস্ত্র থাকায় আশপাশের লোকজন কেউ ঘর থেকে বের হননি।
পত্নীতলা থানার ওসি আবদুর রফিক বলেন, এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে শহিদুল ইসলাম ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০–৭০ জনের বিরুদ্ধে মামলা করেন। এদের মধ্যে গতকাল ইউসুফ বাবু ও আফজাল হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।