মালিককে জরিমানা, নদীতীরে ভরাট করা মাটি সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকুন্দুলিয়া এলাকায় গত রোববার ধলেশ্বরী নদীর তীরে অভিযান চালিয়ে একটি ইটভাটার মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। নদীতীরের জায়গা দখল করে ভাটা তৈরির অভিযোগে এ জরিমানা করা হয়।
একই সঙ্গে ইটভাটার মালিককে নদীতীরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে দখলকৃত জায়গার মাটি অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, এনভিএম ইটভাটায় রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সে সময় ইটভাটার মালিক ফজলুল হক উপস্থিত না থাকায় তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবুল হোসেন (৬০) ও কর্মচারী আবদুর রহিমকে (৩৫) আটক করা হয়।
সেই সঙ্গে ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং একটি গাড়ি ও পাঁচ হাজার ইট জব্দ করা হয়। পরে জরিমানা পরিশোধ করলে ইটভাটার ওই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ৭ জানুয়ারি প্রথম আলোতে ধলেশ্বরী নদীর জায়গা দখলসংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
ইউএনও বলেন, এর পরিপ্রেক্ষিতে রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালন করা হয়। এনভিএম ইটভাটার মালিককে জরিমানা করার পাশাপাশি নদীর তীরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে দখলকৃত জায়গার মাটি অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, ওই এলাকায় কয়েকটি ইটভাটা মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আওতায় পড়ায় সেগুলোয় অভিযান পরিচালনা সম্ভব হয়নি। নদীর জায়গা দখলকারী এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি সিরাজদিখান উপজেলা ভূমি কর্মকর্তাকে জানানো হয়েছে।