মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মশারি ও কাপড় তৈরির একটি কারখানায় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জালাকান্দি কালিরহাট বোনাফাইট নিটিং কারখানায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার কারখানার ব্যবস্থাপক জহিরুল ইসলাম পাঁচজন শ্রমিককে একটি কক্ষে আটকে রেখে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় শ্রমিকেরা ক্ষুব্ধ হলে স্থানীয় ফতেপুর ইউপির চেয়ারম্যান আবু তালেব মোল্লা বিচারের আশ্বাস দেন। গতকাল সকালে মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদে বসার কথা ছিল। কিন্তু বেলা ১১টা পর্যন্ত কারখানার মালিক কিংবা ব্যবস্থাপক সেখানে যাননি। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা কারখানার দরজা-জানালা ভাঙচুর করেন। এ সময় মালিকপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিদের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহত লোকজনের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।
পরে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-গোপালদী সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কারখানার ব্যবস্থাপক জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে যোগাযোগ করলে রাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, এ ঘটনায় কেউ থানায় মামলা দেননি।