মালিকের কথা না শোনায় শ্রমিককে পিটিয়ে আহত
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে মালিকের আদেশ পালন করতে বিলম্ব হওয়ার অভিযোগে গতকাল শুক্রবার সকালে এক শ্রমিককে পিটিয়ে জখম করা হয়েছে।
আহত শ্রমিককে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের আবদুর রব সরদারের ছেলে জামাল সরদার (২৮) গৈলা বাজারে সোহাগ ফড়িয়ার দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় মালিক সোহাগ ফড়িয়ার আদেশ বাস্তবায়ন করতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে মালিক সোহাগ ও কর্মচারী জামাল সরদারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মালিক সোহাগ ফড়িয়া লাকড়ি দিয়ে জামাল সরদারকে পিটিয়ে গুরুতরভাবে জখম করেন। বাজারের আশপাশের লোকজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সোহাগ ফড়িয়া বলেন, ‘আমার সঙ্গে বেয়াদবি করায় হাতাহাতির ঘটনা ঘটেছে। গুরুতর জখম হওয়ার বিষয়টি সঠিক নয়।’
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।