পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দিক বিবেচনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ২০১৩ সালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন করা হয়। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের খেয়ালখুশিমতোই ব্যবসা চালিয়ে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের ইটভাটার মালিকেরা। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়লেও অধিকাংশ সময়ই রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বসতি, কৃষিজমি ও বিদ্যালয়-সংলগ্ন এলাকায় চলছে ইটভাটা। মণ্ডলপাড়া গ্রামে কৃষিজমির মাঝখানে দেখা গেল, এমএবি ব্রিকসে চলছে ইট পোড়ানো। কাঠের জোগান দেওয়া হচ্ছে পাশেই করাতকল থেকে। কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বসতির পাশে এসএমবি ব্রিকসেও ইট পোড়ানো চলছে। ইয়াকুবপুরে আরইউএস ব্রিকস, এমএস ব্রিকস, বড়দেশ্বরী গ্রামে ফসলি জমির পাশে ট্রায়ার ও কাঠ পুড়িয়ে এমএসবি ব্রিকসে ইট তৈরি করা হচ্ছে। এই অবস্থা জেলার প্রায় সব ইটভাটাতেই।
পৌর এলাকার গোবিন্দনগরের বাসিন্দা আবদুর রশিদ বলেন, গ্রামের রাস্তা দিয়ে যখন ইটভাটার গাড়িগুলো যায় তখন ধুলায় টেকা যায় না।
পরিবেশ অধিদপ্তরের কয়েকজন বিশেষজ্ঞ বলেন, চিমনি ইটভাটায় বেশির ভাগ পোড়া ছাই বাতাসে ছড়িয়ে পরিবেশদূষণ ঘটায়। এতে মানুষের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ভাটার বিষাক্ত ধোঁয়ায় খেতের ফসল নষ্ট হয়। অন্যদিকে জিগজ্যাগ কিলন ইটভাটায় পানির সঙ্গে ছাইয়ের মিশ্রণ ঘটিয়ে ছাই চিমনির তলানিতে জমা করে। ফলে ছাই আর ক্ষতি করতে পারে না।
এদিকে ঠাকুরগাঁওয়ে কয়টি ইটভাটায় ইট পোড়ানো হয়, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই প্রশাসনের কাছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবদুল মমিন জেলায় কতটি ভাটা চলছে এবং সেগুলোর মধ্যে কয়টি ভাটা বৈধ (লাইসেন্স রয়েছে), জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে জেলা ইটভাটা মালিক সমিতির সূত্র জানায়, বৈধ-অবৈধ মিলিয়ে ভাটার সংখ্যা ৫১। সমিতির সদস্যভুক্ত ভাটার সংখ্যা ৪৭। এর মধ্যে ১৪টি নিজেদের জিগজ্যাগ কিলন ভাটা দাবি করলেও সরেজমিনে মাত্র দুটিতে এটা ব্যবহার হতে দেখা গেছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা কিংবা কৃষিজমি ও প্রতিবেশকে সংকটে ফেলে—এমন এলাকায় ইটভাটা করা যাবে না। আইন লঙ্ঘন করলে জেল-জরিমানার বিধান রয়েছে।
কিন্তু ঠাকুরগাঁও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মুরাদ হোসেন জানান, ‘২০১৩ সালের আইনটি মেনে কোনো ইটভাটা চালানো সম্ভব না। এই আইনের অধিকাংশ ধারা ইটভাটা ব্যবসার পরিপন্থী। এ আইন মানতে গেলে এই অঞ্চলে কোনোভাবেই ইটভাটা চালানো সম্ভব নয়। তাই আমরা এই আইনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছি। আবেদন শুনানির পর হাইকোট ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এ বছরের এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন।’
পরিবেশকর্মী ও রানীশংকৈল কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর কাজ চলছে। ভাটা মালিকেরা আইনের তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব রয়েছে। গত দুই বছর প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাগুলোতে কোনো অভিযান চালাতে দেখা যায়নি।
রংপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আকতারুজ্জামান বলেন, ‘ঠাকুরগাঁওয়ে ইটভাটা নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছি।’
জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘পৌর নির্বাচন নিয়ে ব্যস্ততার কারণে অবৈধ ভাটাবিরোধী অভিযান পরিচালনা করা সুযোগ হয়নি। দ্রুত ভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’