মালিকের গাড়ি নিয়ে ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার
সিলেট নগরের শাহজালাল উপশহরের কাছে গতকাল বুধবার সকালে ছিনতাই করতে গিয়ে একজন ধরা পড়েছে। মালিকের প্রাইভেট কার নিয়ে ছিনতাই করতে গিয়ে ওই ব্যক্তি ধরা পড়ে।
আটক ব্যক্তির নাম সুশীল সিংহ (৩০)। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে। সিলেট নগরের জালালাবাদ আবাসিক এলাকার একজন চিকিৎসকের গাড়ি চালায় সে।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, একজন স্কুলশিক্ষিকা গতকাল সকাল পৌনে আটটার দিকে শাহজালাল উপশহরের কাছে ছিনতাইয়ের শিকার হন। তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেট কার তাঁর রিকশার গতিরোধ করে। এ সময় গাড়িটি থেকে কয়েকজন নেমে তাঁর কাছে থাকা কিছু টাকা, একটি নোটপ্যাড ও একটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় শিক্ষিকা গাড়িটির নম্বর টুকে রাখেন। পুলিশ জানায়, এরপর ওই শিক্ষিকা শাহজালাল সেতু পাড় হয়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে ওই প্রাইভেট কারটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে ওঠেন। এরপর আশপাশের লোকজন এসে ঘটনা শুনে গাড়িচালক সুশীলকে আটক করে। কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশীল ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।