মুঠোফোন চুরির অভিযোগে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী রিয়াদ (১৬) হত্যাকাণ্ডে প্রধান আসামি ও হোটেলের মালিক আরিফুল ইসলাম ওরফে সোহেলের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের পাশের একটি ভবনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ছবি পর্যালোচনা করে এর প্রমাণ মিলেছে। হত্যার দুই দিন পেরিয়ে গেলেও আরিফুলকে গ্রেপ্তার করা যায়নি। ধরা পড়েছেন মামলার দুই নম্বর আসামি মো. জসিম (২৫)।
এদিকে মামলার বাদী রিয়াদের বড় ভাই রিপনকে মুঠোফোনে হুমকি দিয়েছেন আরিফুলের বড় ভাই শহীদুল ইসলাম ওরফে রাসেল। গতকাল বৃহস্পতিবার রিপন প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাসেল ফোনে ধমক দিয়া বলে তুই এক্ষুনি ঢাকায় চলে আয়। ঢাকায় আমার সঙ্গে দেখা কর।’
রাসেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ভাত খাচ্ছি। ১০ মিনিট পর কথা বলব।’ পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।
২৭ অক্টোবর রাতে ৭৩ নম্বর স্বামীবাগে ওই হোটেলের কর্মচারীদের মেসে নিয়ে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়। মেসটি ওই বাড়ির নির্মাণাধীন আটতলা ভবনের দোতলায় অবস্থিত। এর পাশেই বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কার্যালয়ের সিসি ক্যামেরা পর্যালোচনা করে হত্যায় আরিফুলের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান। তিনি বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার রাত ১২টা ৪৪ মিনিটে আরিফুল স্বামীবাগে ঘরোয়ার মেসে রিয়াদকে নিয়ে যান এবং রাত ১টা ৭ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় বের করেন। সিসি ক্যামেরার ফুটেজে তা স্পষ্ট দেখা গেছে।’ রিয়াদের ভাইকে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে এডিসি মেহেদী হাসান বলেন, ব্যাপারটি তাঁর জানা নেই।
মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) আলীম হোসেন শিকদার বলেন, মাত্র ১৫ মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটে। ঘটনাস্থল কর্মচারীদের থাকার জায়গা হওয়ায় সেখানে অনেকেই ছিলেন। এর মধ্যে নিহতের খালাতো ভাই মাইনুদ্দিনও ছিলেন। তিনিসহ ৮ থেকে ১০ জনের প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য পাওয়া গেছে। তাঁরা পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। এর ফলে হত্যার দায় থেকে সোহেলের রেহাই পাওয়ার আর সুযোগ নেই।
পুলিশ জানায়, গুলি করার পর ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে রাত দেড়টার দিকে রিয়াদের লাশ ঢাকা মেডিকেলে আনেন হোটেলের আরেক কর্মচারী জসিম। গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি আরিফুল ও অন্য আসামি হোটেলটির আরেক কর্মচারী ফরিদকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
ঢাকা মেডিকেলে রিয়াদের লাশ আনার পর পুলিশকে ছিনতাইয়ের গল্প সাজিয়ে জসিম বলেছিলেন, রাত একটার দিকে হোটেলের টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে শান্তিনগরে মালিকের বাসায় যাচ্ছিল রিয়াদ। শাপলাচত্বর এলাকায় তার অটোরিকশাটি থামার সংকেত দেয় ছিনতাইকারীরা। অটোরিকশা না থামানোয় দুর্বৃত্তরা গুলি ছোড়ে। রিয়াদের মুখমণ্ডলে গুলি লাগে।
প্রথম আলোর হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, রিয়াদের দাফন গতকাল সকালে গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা (পূর্ব) ইউনিয়নের হাড়িয়াইন গ্রামে সম্পন্ন হয়েছে। ভোরে রিয়াদের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে মা রোকেয়া বেগম সন্তান হত্যার বিচার দাবি করেন।
আরও পড়ুন: