মালিতে অস্ত্রধারীদের গুলিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
আফ্রিকার মালিতে গত সোমবার অস্ত্রধারীদের গুলিতে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আরেকজন আহত হয়েছেন। রাজধানী বামাকোতে কয়েক দিনের মধ্যে একই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা এটি। খবর এএফপির।
মালিতে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের মুখপাত্র নূর ইসলাম গতকাল মঙ্গলবার জানান, ওই দুই বাংলাদেশি শান্তিরক্ষী গাড়িতে করে যাওয়ার সময় অস্ত্রধারীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন।
গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালিতে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছোড়ে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলকণ্ঠ হাজং নিহত হন। হাতে গুলিবিদ্ধ হয়েছেন সৈনিক সিরাজুল ইসলাম। তিনি বামাকোর লেভেল-২ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত নীলকণ্ঠ হাজংয়ের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশায়। ১৮ মে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান তিনি। এটাই ছিল তাঁর প্রথম শান্তিরক্ষা মিশন।
মালির একটি নিরাপত্তা সূত্র গণমাধ্যমকে বলেছে, ‘গত সোমবার রাতে জাতিসংঘের গাড়িতে ওই দুই শান্তিরক্ষীর ওপর গুলিবর্ষণকারী অস্ত্রধারীদের আমরা এখনো শনাক্ত করতে পারিনি।’
শান্তিরক্ষী দুজন বামাকো বিমানবন্দর থেকে রাজধানীর দক্ষিণের একটি এলাকায় যাওয়ার সময় অপর একটি গাড়ি থেকে এ হামলা চালানো হয়। এই হামলার আগে গত বুধবার সকালে একজন বেসামরিক নিরাপত্তারক্ষীকে গুলি করে আহত করেছিল অজ্ঞাতনামা বন্দুকধারীরা। তারা সে সময় দুটি গ্রেনেডও ছুড়ে মারে। কিন্তু তা বিস্ফোরিত হয়নি।