রাজধানীর মালিবাগে একটি প্রতিষ্ঠানের অফিস থেকে গতকাল শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানটির দুই কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন নাসিরুল ইসলাম (১৯) ও সোহাগ হোসেন (১৫)। পুলিশের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে গত দুই দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এক কলেজছাত্রীসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, এ তিনজনের মৃত্যুই আত্মহত্যাজনিত।
রমনা থানার পুলিশ জানায়, রমনা থানাধীন মালিবাগ মোড়ের মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সের পাঁচতলায় এএইচএম ট্রেডিং নামের প্রতিষ্ঠানের অফিস থেকে নাসিরুল ও সোহাগের লাশ উদ্ধার করা হয়। এটি একটি ঠিকাদারি ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। সোহাগ সেখানে পিয়ন হিসেবে কাজ করত, নাসিরুল ছিলেন টেকনিশিয়ান। গত বৃহস্পতিবার রাতে তাঁরা অফিসে ঘুমিয়ে ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই প্রতিষ্ঠানের আরেক কর্মচারী ও সোহাগের মামা রিপন সেখানে গিয়ে অনেকক্ষণ দরজা ধাক্কালেও সাড়া পাননি। ওই দুজনের মুঠোফোনে বারবার রিং দেওয়া হলেও কেউ ধরেনি। পরে রিপন প্রতিষ্ঠানের আরও কয়েকজনসহ আশপাশের ব্যবসায়ীদের ডেকে আনেন। সবাই মিলে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে গিয়ে দেখেন, মেঝেতে নাসিরুল ও সোহাগের লাশ পড়ে আছে। দুজনের হাত-পা কিছুটা কুঁকড়ে গেছে, নাক-মুখ দিয়ে ফেনা বের হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
রমনা থানার পুলিশের কর্মকর্তারা বলেন, ধারণা করা হচ্ছে, দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কারণ, ওই অফিসের একটি কক্ষে ইন্টারনেটসহ বৈদ্যুতিক অনেক তার রয়েছে। রয়েছে একটি সকেট। নাসিরুলের এক হাতে বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল। ওই তারের অগ্রভাগে ছিল প্লাগ। ধারণা করা হচ্ছে, সকেটে ওই প্লাগ ঢোকাতে গিয়ে নাসিরুল বিদ্যুৎস্পৃষ্ট হন। সোহাগ ঘুমিয়েছিল নাসিরুলের পাশে, থাই গ্লাস ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি দরজার সঙ্গে ঘেঁষে। নাসিরুল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সংস্পর্শে এসে সোহাগও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই প্রতিষ্ঠানের সামনে মানুষের জটলা। খবর পেয়ে ছুটে এসেছেন প্রতিষ্ঠানের মালিক মাহফুজুর রহমানসহ সব কর্মকর্তা-কর্মচারী। ভেতরে একটি কক্ষে রাখা হয়েছে লাশ দুটি। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
মাহফুজুর রহমান বলেন, সোহাগ রাতে অফিসেই থাকত। নাসিরুলের বাসা শান্তিবাগে। কিন্তু তাঁর বাসায় মেহমান থাকায় তিনি বৃহস্পতিবার রাতে অফিসে ঘুমাতে এসেছিলেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হলেও ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সোহাগের গ্রামের বাড়ি নওগাঁয়।
ঝুলন্ত লাশ উদ্ধার: দুপুর ১২টার দিকে পল্টনের হোটেল ক্যাপিটাল নামের আবাসিক হোটেলের কক্ষ থেকে কামাল উদ্দিন ওরফে সামশুদ্দিন (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বিবেকানন্দ দেবনাথ বলেন, গত ৫ মার্চ কামাল উদ্দিন নাম ব্যবহার করে ওই ব্যক্তি হোটেলটিতে উঠেছিলেন। পেশার জায়গায় লেখা ছিল ‘ব্যবসা’। গতকাল সকালে হোটেলের কর্মচারীরা ডাকাডাকি করলেও তিনি দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এসআই বিবেকানন্দ বলেন, পরে জানা যায়, ওই ব্যক্তির গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। তাঁর পরিবারের একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই ব্যক্তির নাম সামশুদ্দিন বলে জানান। তবে তিনি কিসের ব্যবসা করতেন তা জানা যায়নি। হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে পল্লবীর এক বাসা থেকে কলেজছাত্রী আফিয়া তামান্নার (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ধানমন্ডির একটি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পল্লবী থানার এসআই ইদ্রিস আলী বলেন, আফিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কমলাপুর রেলওয়ে মসজিদের পাশে পেয়ারাগাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬৫) লাশ উদ্ধার করেন কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। তিনি বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। পরিচয় জানা গেলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।