মালিবাগে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনতাই
রাজধানীর মালিবাগে ইশতিয়াক আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইশতিয়াক আহমেদের অস্ত্রোপচার করা হয়।
ইশতিয়াকের স্ত্রী সালমা বেগম বলেন, খিলগাঁও চৌরাস্তার ২৩ নম্বর সড়কের একটি বাড়িতে তাঁরা থাকেন। তাঁর স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বৃহস্পতিবার রাতে গুলশানে এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন ইশতিয়াক। সোহাগ বাস কাউন্টারের সামনে তিন ছিনতাইকারী ছুরি হাতে তাঁর রিকশার গতিরোধ করে। এ সময় ওই তারা তাঁর বুকে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ও মুঠোফোন সেট নিয়ে পালিয়ে যায়।
সালমা বেগম আরও বলেন, রাস্তায় তখন কেউ ছিল না। তাঁর স্বামী একাই রক্তাক্ত অবস্থায় পাশের খিদমাহ হাসপাতালে চিকিৎসার জন্য যান। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে বাসায় ফেরেন তিনি। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছুরিকাঘাতে ইশতিয়াকের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর যকৃৎও ক্ষতিগ্রস্ত হয়েছিল। অস্ত্রোপচারের সময় ইশতিয়াক আহমেদকে তিন ব্যাগ রক্ত দিতে হয়েছে। বিকেলে তিনি বাসায় ফিরে গেছেন।