মালিবাগে ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গতকাল বুধবার ইমরান হোসেন (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে সাত-আটজন যুবক ইমরানকে ডেকে মালিবাগে আবুজর গিফারী কলেজের মাঠে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ইমরানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে তিনি মারা যান।
ইমরানের বন্ধুরা জানান, স্থানীয় শাহজালাল ও নয়ন মালিবাগের গুলবাগ থেকে মুঠোফোনে ইমরানকে ডেকে আবুজর গিফারী কলেজের কোয়ার্টারের সামনে নিয়ে যায়। এরপর তারা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে।
ইমরানের মা সেলিনা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, শাহজালাল ও নয়ন পূর্বপরিচিত। তারা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত। কী কারণে তাঁর ছেলেকে খুন করেছে, সে বিষয়ে তিনি জানেন না।
তবে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের দাবি, ইমরান মাদক ব্যবসা করতেন। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।