স্ত্রীর ইটের আঘাতে স্বামীর মৃত্যু!
রাজধানীর মালিবাগের একটি বাড়িতে ওহিদুল ইসলাম স্বপন (৬০) নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে মালিবাগের আবুজর গিফারি কলেজের পাশের একটি বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ ওহিদুলের স্ত্রী মৌসুমিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমি জানিয়েছেন, দাম্পত্য কলহের জের ধরে ইট দিয়ে আঘাত করার কারণে ওহিদুলের মৃত্যু হয়েছে।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাবুদ প্রথম আলোকে বলেন, মালিবাগের ১৬৩ নম্বর বাসায় নিজেদের বাড়িতে ওই দম্পতির বাস। ওহিদুল ইসলাম ঠিকাদারি ব্যবসা করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌসুমি জানিয়েছেন, ওহিদুল ইসলাম নেশা করতেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ চলে আসছিল। এর জের ধরে আজ ভোরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওহিদুল ইট নিয়ে মৌসুমিকে আঘাত করতে যান। তখন আরেকটি ইট নিয়ে মৌসুমি ওহিদুলের মুখে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওহিদুল মারা যান।