মালিবাগে বাসায় ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগের পাবনা কলোনির এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে কলোনির ২২২/১০ নম্বর বাড়ির ভাড়া বাসায় তিনি হামলার শিকার হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম আবদুস সাত্তার (৪০)। তিনি রাসায়নিক দ্রব্যের ব্যবসা করতেন।
পুলিশের ধারণা, খুনিরা সাত্তারের পূর্বপরিচিত। হামলার আগে এর সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের সঙ্গে সাত্তার মাদক গ্রহণ করেছেন। তারপর বাসায় মসলা পেষার শিল দিয়ে সাত্তারের মাথায় একাধিক আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।
নাম না প্রকাশের শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলেন, ওই বাসা থেকে দুটি ফেনসিডিলের খালি বোতল, ইয়াবা গ্রহণের অ্যালুমিনিয়াম ফয়েল ও অনেকগুলো সিগারেট পাওয়া গেছে।
তবে নিহত ব্যক্তির ছোট ছেলে মো. সাব্বির বলেছেন, রোববার রাতে তাঁর বাবা বাসায় একা ছিলেন। বাড়ির মালিক ও একাধিক ভাড়াটে ও কলোনির নিরাপত্তারক্ষী জানিয়েছেন, ওই বাসা থেকে গতকাল সকালে তাঁরা পরিচিত বা অপরিচিত কাউকে বের হতে দেখেননি।
ঘটনাস্থলে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাবুদ বলেন, পাবনা কলোনির একটি পাঁচতলা বাড়ির ওপর চিলেকোঠায় পরিবারসহ থাকতেন আবদুস সাত্তার। তিন ছেলেমেয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় গত শুক্রবার তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে যান। গতকাল সকালে সাত্তারের ছোট ছেলে মুঠোফোনে বাবাকে না পেয়ে ওই বাড়ির মালিক মাহিরুল হক তালুকদারকে ফোন দেন। মাহিরুল ওই বাসায় গিয়ে সাত্তারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। ঘটনার সময় কক্ষে সাত্তারের কোনো স্বজন ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রথম আলোকে মাহিরুল বলেন, ‘আমি বাসার বাইরে ছিলাম। বেলা সোয়া ১১টার দিকে সাত্তারের ছোট ছেলে সাব্বির আমাকে ফোন দিয়ে বলে ‘‘বাবা ফোন ধরছে না। তাকে খুব দরকার’’। সাব্বিরকে বাসায় যাচ্ছি বলে বাসার দিকে আসতে থাকি। ১০-১৫ মিনিট পর সাব্বির আবার আমাকে ফোন দেয়। তখন আমি মোবাইল নিয়ে তাদের বাসায় যাই। এ সময় মাঝখানের রুমের মেঝেতে সাত্তারকে
রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সাত্তার গোঙাচ্ছিলেন।’ এরপর সাত্তারের এক বন্ধুর গাড়িতে করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান মাহিরুল।
মাহিরুল বলেন, সাত্তারের মাথা থেঁতলানো ছিল। যানজটের কারণে সাত্তারকে হাসপাতালে নিতে দেরি হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তিনি মারা গেছেন।
তদন্তের স্বার্থে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে চিলেকোঠায় যেতে দেয়নি। মাহিরুল বলেন, তিনি যখন বাসায় গিয়েছিলেন, তখন লোহার গেট ও চিলেকোঠার বাসায় ঢোকার মূল দরজা খোলা ছিল। তবে যে কক্ষে সাত্তারকে গুরুতর অবস্থায় পাওয়া যায়, সেই কক্ষটি বাইরে থেকে লাগানো ছিল।
প্রায় ১২ বছর থেকে সাত্তার ওই বাসায় ভাড়া থাকতেন জানিয়ে মাহিরুল বলেন, সাত্তার রাসায়নিক দ্রব্যের পাইকারি বিক্রেতা ছিলেন। বিদেশ থেকে তিনি রাসায়নিক দ্রব্য আমদানি করতেন। মাঝেমধ্যেই তিনি ব্যবসার কাজে চীনে যেতেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ওবায়দুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হত্যার সম্ভাব্য নানা কারণ মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, বাসা থেকেও কোনো কিছু খোয়া যাওয়ার তথ্যও পাওয়া যায়নি। আবদুস সাত্তারের স্ত্রী-সন্তানেরা গ্রামের বাড়ি আছেন। তাঁদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে হয়তো কোনো তথ্য পাওয়া যাবে। কারও সঙ্গে সাত্তারের ব্যবসায়িক শত্রুতা থাকলে সে সম্পর্কেও একটি ধারণা পাওয়া যাবে। মুঠোফোনে আবদুস সাত্তারের ছোট ছেলে সাব্বির প্রথম আলোকে বলেন, তাঁর বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। রোববার রাতে তাঁর বাবা বাসায় একাই ছিলেন বলে তিনি জানিয়েছেন।
যে বাড়িতে সাত্তার হামলার শিকার হন, সেই বাড়ির একাধিক বাসিন্দা বলেন, বাড়ির মূল ফটক ভোর থেকে খোলা থাকে। যে বা যারা হত্যাকাণ্ডে জড়িত, তারা এই ফটক দিয়েই গেছে বলে তাদের ধারণা। তবে তাঁরা অপরিচিত কাউকে বাড়ির ভেতর ঢুকতে দেখেননি।
পাবনা কলোনিতে ঢোকার মূল প্রবেশপথেও বড় একটি গেট। এই গেটে ২৪ ঘণ্টা প্রহরা থাকে। গেটের নিরাপত্তারক্ষী মাসুদ রানা বলেন, রাত ১২টায় গেট বন্ধ হয় আর ভোরে গেট খোলা হয়। গতকাল রাতে বা ভোরে অপরিচিত কাউকে কলোনির ভেতর তিনি ঢুকতে দেখেননি।
জানতে চাইলে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন আছে।