মালিবাগে ব্যবসায়ী খুন, সন্দেহভাজন দুজন আটক
মালিবাগে ব্যবসায়ী আবদুস সাত্তার (৪০) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সাত্তারের বন্ধু মো. শাহজাহান ও পাবনা কলোনির নিরাপত্তারক্ষী মাসুদ রানা। তাঁরা এখন কারাগারে আছেন।
গত ২৬ ডিসেম্বর মালিবাগের পাবনা কলোনির ভাড়া বাসায় হামলার শিকার হন আবদুস সাত্তার। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ওইদিন রাতে সবুজবাগ থানায় মামলা হয়।
জানতে চাইলে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাবুদ বলেন, সন্দেহভাজন হিসেবে গত শুক্রবার শাহজাহান ও মাসুদ রানাকে আটক করা হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া এই মামলার আর কোনো অগ্রগতি নেই বলে তিনি জানান।
এর আগে পুলিশের এক সূত্র দাবি করে, হত্যাকাণ্ডে দুজন জড়িত ছিলেন। তাঁরা সাত্তারের পূর্বপরিচিত। ঘটনার দিন সকাল ১০টার দিকে ওই দুজন সাত্তারের ভাড়া বাসায় যান। এ সময় সাত্তার বাসায় একা ছিলেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে ছিলেন। হত্যাকারী দুজন বাসায় ঢুকে সাত্তারের সঙ্গে মাদক গ্রহণ করেন। পরে মসলা বাটার শিল দিয়ে সাত্তারের মাথায় একাধিক আঘাত করে মাথা থেঁতলে দিয়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল উদ্ধার করে। এ ছাড়া ওই বাসায় দুটি খালি ফেনসিডিলের বোতল ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম পাওয়া যায়।
ঘটনার পর বাড়ির মালিক মাহিরুল হক তালুকদার সাংবাদিকদের বলেন, ঘটনার দিন বেলা সোয়া ১১টার দিকে সাত্তারের ছোট ছেলে সাব্বির মুঠোফোনে মহিরুলকে বলে যে তার বাবা ফোন ধরছেন না, তাঁকে খুব দরকার। পরে মাহিরুল তাঁর মুঠোফোন নিয়ে সাত্তারের বাসায় গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় লোকজন জানিয়েছেন, বিদেশ থেকে রাসায়নিক দ্রব্য এনে দেশে পাইকারি দরে বিক্রি করতেন সাত্তার। বাসায় বন্ধুবান্ধব নিয়ে খুব একটা আড্ডা দিতেন না। পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্দ্ব সম্পর্কে তাঁরা কিছু জানেন না।