মালিবাগে ব্যবসায়ী খুনে দুজন জড়িত বলে নিশ্চিত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী আবদুস সাত্তারের (৪০) হত্যাকারী ছিলেন দুজন। গত সোমবার সকাল ১০টার দিকে তাঁরা মালিবাগের পাবনা কলোনিতে আবদুস সাত্তারের ভাড়া বাসায় যান। এরপর সাত্তারকে মাদক খাইয়ে দুর্বল করেন। পরে মসলা পেষার শিল দিয়ে সাত্তারের মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন।
ওই বাড়ির মালিক ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তবে গতকাল বুধবার পর্যন্ত হত্যাকারীদের পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। খুনিরা কলোনিতে ঢোকার মূল প্রবেশপথ দিয়ে এসে হত্যাকাণ্ডের পর অন্য পথ দিয়ে চলে যায়। এদের একজনের পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট এবং অন্যজনের কালো গেঞ্জি ও কালো প্যান্ট।
স্ত্রী, তিন সন্তানসহ একটি বাড়ির চিলেকোঠায় থাকতেন আবদুস সাত্তার। তিনি রাসায়নিক দ্রব্য দেশের বাইরে থেকে পাইকারি দরে কিনে এনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির মালিক মাহিরুল হক তালুকদার সত্তারের বাসায় গিয়ে তাঁকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি গোঙাচ্ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হত্যাকাণ্ডের সময় সাত্তারের পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না। গত শুক্রবার তাঁরা সিরাজগঞ্জের বেলকুচিতে গেছেন।
এ ঘটনায় সোমবার রাতে শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, মৃত্যুর আগে সাত্তার নেশাগ্রস্ত ছিলেন এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
জানতে চাইলে নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে মাহিরুল হক তালুকদার বলেন, ঘটনার দিন সকাল ১০টার দিকে দুজন লোক কলোনির মূল প্রবেশমুখে আসেন। ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষী বাধা দেন। তখন ওই দুজন সাত্তারের কাছে যাবেন জানালে নিরাপত্তারক্ষী তাঁদের ভেতরে আসতে দেন। এই দুজনকে আর বেড় হয়ে যেতে দেখেননি নিরাপত্তারক্ষী।
সাত্তারের পরিচয় দিয়ে ঢুকলেও এই দুজনকে নিরাপত্তারক্ষী আগে কখনো পাবনা কলোনিতে আসতে দেখেননি বলে পুলিশকে জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ওবায়দুর রহমান বলেন, হত্যাকারীদের সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।