মালিবাগে শিশু হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে আবুজর গিফারি কলেজ রোডের শাহি মসজিদ-সংলগ্ন একটি খালি জমি থেকে গতকাল বুধবার দুপুরে পুলিশ অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ছাড়া নগরীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শাহজাহানপুর থানার পুলিশ বলেছে, বেলা পৌনে একটার দিকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার পরনে ছাই রঙের প্যান্ট ছিল। ওই থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ঘাতকেরা অন্যত্র খুন করে লাশ এখানে ফেলে গেছে। শিশুটির বয়স ১১-১২ বছর। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।
দুজনের অস্বাভাবিক মৃত্যু: বুধবার গভীর রাতে পুলিশ মালিবাগ বাজার-সংলগ্ন একটি গলি থেকে সুরাইয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, সুরাইয়া তাঁর স্বামী ইকবাল হোসেনের সঙ্গে মালিবাগ বাজার-সংলগ্ন একটি বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুরে।
শাহজাহানপুর থানার এসআই মোজাম্মেল হক বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটির জেরে সুরাইয়া আত্মহত্যা করে থাকতে পারেন।
উত্তরার ৬ নম্বর সেক্টরের হরিরামপুরের এক বাসা থেকে সাবিনা শাহরিন (২১) নামের এক গৃহবধূকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সাবিনা ওই বাসায় তাঁর স্বামী মো. হাসানের সঙ্গে থাকতেন।
হাসপাতালে হাসান বলেন, দুপুরে সাবিনার সঙ্গে তাঁর ঝগড়াঝাঁটি হয়। এরপর তিনি বাইরে যান। পরে বাসায় ফিরে দেখেন ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর স্ত্রী ঝুলছেন। দ্রুত নামিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
তবে সাবিনার ভাই আতিকুর রহমান বলেন, বোনের মৃত্যু নিয়ে তাঁদের সন্দেহ আছে। তাই তাঁরা লাশের ময়নাতদন্ত করাচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সন্দেহ হওয়ায় সাবিনার স্বামীকে আটক করা হয়েছে।