মালিবাগে স্বামী খুন, স্ত্রী গ্রেপ্তার
মালিবাগে গতকাল বুধবার ওয়াহিদুল ইসলাম চৌধুরী ওরফে স্বপন (৬০) নামের এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমি ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে।
ওয়াহিদুলের পরিবার বলেছে, ওয়াহিদুল সবুজবাগ ইউনিটের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। এ ছাড়া তিনি গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথের ঠিকাদার ছিলেন।
পুলিশ ও ওয়াহিদুলের পারিবারিক সূত্র বলেছে, ওয়াহিদুল মালিবাগ বাজার রোডে পাঁচতলা একটি বাড়ির মালিক। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে নিলয় ইসলামকে নিয়ে বাড়িটির পাঁচতলায় থাকতেন। নিলয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে পড়েন।
গতকাল বিকেলে ওয়াহিদুলের বাড়ির সামনে গেলে স্বজনদের ভিড় দেখা যায়। তাঁর ভগ্নিপতি বশির আহমেদ বলেন, গতকাল নিলয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বাড়িতে ওয়াহিদুল ও তাঁর স্ত্রী মৌসুমি ছিলেন। বেলা দুইটার পর ওয়াহিদুলের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়াঝাঁটি হয়। দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মৌসুমি ইট দিয়ে ওয়াহিদুলের মাথায় একাধিক আঘাত করেন। বেলা আড়াইটার দিকে মৌসুমি পাশের ফ্ল্যাটে থাকা তাঁর ছোট ননদকে বলেন, ‘তোমার ভাইকে মেরে ফেলেছি, এই নাও বাসার চাবি।’ ওয়াহিদুলের ছোট বোন এ সময় মৌসুমিকে আটকে রেখে নিচতলা, তিনতলা ও চারতলায় থাকা তিন বোনকে ডাকেন। তাঁরা এসে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, ওয়াহিদুল খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশে রক্তমাখা ইট পড়ে আছে।
বশির বলেন, পরে তাঁরা শাহজাহানপুর থানা-পুলিশকে জানান। পুলিশ এসে ওয়াহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। রক্তমাখা ইট আলামত হিসেবে জব্দ করে শাহজাহানপুর থানায় নেওয়া হয়েছে।
ওয়াহিদুলের পাশের বাড়িতে থাকেন তাঁর চাচাতো ভাই ওবায়দুল কবির। তিনি বলেন, ‘ওঁদের সংসারে অশান্তি চলছিল। তবে এই অশান্তি থেকে এই পরিণতি হবে, ভাবতেও পারিনি।’
ওয়াহিদুলের স্বজনেরা বলেন, খবর শুনে নিলয় বাসায় এসে অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। মৌসুমি বিটিভিতে ভাওয়াইয়া ও পল্লিগীতি পরিবেশন করতেন।
ওই বাড়ির পাঁচতলায় গেলে ওয়াহিদুলের বাসা তালাবদ্ধ দেখা যায়। স্বজনেরা বলেছেন, পুলিশ বাসায় তালা দিয়েছে।
শাহজাহানপুর থানার ওসি শফিকুর রহমান বলেন, দাম্পত্য কলহের জের ধরে মৌসুমি তাঁর স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁদের কলহ চলছিল। ওয়াহিদুল অকারণে তাঁকে শারীরিক নির্যাতন করতেন। মৌসুমিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের আরও তথ্য বেরিয়ে আসবে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক আবু জাফর লাশের সুরতহাল প্রতিবেদনে বলেন, আঘাতে ওয়াহিদুলের ভ্রু, কপাল ও বাঁ কান থেঁতলে গেছে।