মালেক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে মালেক হত্যা মামলার প্রধান আসামি আজাহার উদ্দিনকে (৪৫) অবশেষে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আজাহারের হামলায় মালেক গুরুতর আহত হন। এ ঘটনায় মালেক মামলা করলে আজাহার আপসের প্রস্তাব দেন। কিন্তু মালেক তাতে রাজি না হলে ২০১৩ সালের ১৬ জুলাই গভীর রাতে আজাহার ১০-১২ জন সহযোগী নিয়ে মালেকের বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি কোপে মালেক গুরুতর আহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মালেকের স্ত্রী সেলিনা বেগম, বড় দুই ভাই কছিমুদ্দিন শেখ ও সায়েদ শেখ এবং কছিমুদ্দিনের স্ত্রী ইয়াসমিন আক্তারও আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মালেকের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে আজাহারকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর আজাহার পালিয়ে যান। এদিকে জামিনে বের হওয়া আসামিদের হুমকিতে ভুক্তভোগীর পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র থাকছে। এ নিয়ে প্রথম আলোতে বিভিন্ন সময় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি তখন জেলায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মাহফুজুর রহমানের নজরে আসে। এরপর আজাহারকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, বাড়িছাড়া ওই পরিবারকে নিজ বাড়িতে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।