মালোপাড়ার আলোটি নিভে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে এক বখাটের অত্যাচারে মালোপাড়ার এক মেয়ের কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মেয়েটি আত্মহত্যারও চেষ্টা করে। উত্ত্যক্তের ঘটনায় থানায় মামলা হলেও ওই তরুণকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মালোপাড়ার দরিদ্র পরিবারের মেয়েটি মাধ্যমিক শেষে কেশবপুরের একটি কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়। তার দেখাদেখি গ্রামের আরও দুজন কলেজে যাওয়া শুরু করেছে। গত ৪ সেপ্টেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে মঙ্গলকোট উত্তরপাড়া গ্রামের জাহেদুল ইসলাম (২৫) মেয়েটির পথরোধ করে তাকে টানাটানি করে। সে সময় সে চিৎকার দিলে জাহেদ তার গলা টিপে ধরে। একপর্যায়ে মেয়েটির চোখে আঙুল ঢোকানোর চেষ্টা করলে সে বাঁ চোখে আঘাত পায়। পরে পাড়ার লোকজন এসে তাকে রক্ষা করে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
গত শনিবার মেয়েটি বাড়ির সামনের নদীতে গেলে জাহেদ আবার তাকে আটকায়। সে সময় তার চিৎকারে গ্রামের লোকজন ওই তরুণকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। মেয়েটির বাবা ওই দিনই কেশবপুর থানায় জাহেদকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এদিকে লোকলজ্জায় মেয়েটি শনিবার আত্মহত্যার চেষ্টা করে। গত রোববার থেকে শুরু হওয়া অর্ধবার্ষিকী পরীক্ষায় সে অংশ নিতে পারেনি।
মেয়েটির বাবা বলেন, ‘আমার একটি হাত নেই। কোনো রকমে পরের জমিতে কামলা দিয়ে সংসার চালাই। তার পরও আমার মেয়ের লেখাপড়া বন্ধ করিনি।’
কেশবপুর হাজি মোতালেব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রায়হানা সাদেক বলেন, ‘মেয়েটির ব্যাপারে আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। আপাতত পরিবারের লোকদের কলেজে নিয়ে আসার জন্য বলা হয়েছে।’
কেশবপুর থানার মামলার তদন্তকারী উপপরিদর্শক (এসআই) আবদুল ওহাব বলেন, আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।