মালয়েশিয়া পাচারকালে আটক ৮
চট্টগ্রামের আনোয়ারা সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে জনতা আটজনকে ধরে পুলিশে দিয়েছে। শনিবার রাতে উপজেলার দক্ষিণ গহিরার নজু মিয়ার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টার সময় দক্ষিণ গহিরা এলাকার নজু মিয়ার ঘাট এলাকা দিয়ে পাচারের সময় জনতা আটজনকে ধরে পুলিশে দিয়েছে। আটক ব্যাক্তিরা হলো: যশোরের বাঘারগঞ্জের মো. মাহফুজ, একই জেলার কোতোয়ালি এলাকার শহিদুল ইসলাম, ভোলপাড়ার মো. আকিদুল ইসলাম, মাগুরার শালিকা থানার মো. বাদশা মিয়া, ঝিনাইদহের কালীগঞ্জের রিপন, মো. আসাদ, মো. শামীম এবং লক্ষ্মীপুরের রায়পুরের আবদুল জলিল। এ সময় পাচারকারী চক্রের জালাল নামে একজন পালিয়ে গেছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।
গত বছরের ২৫ ডিসেম্বর একই স্থান থেকে মালয়েশিয়া পাচারের সময় ৫৪ জনকে আটক করে পুলিশ।
আনোয়ারা থানার উপপরিদর্শক আবদুল গফ্ফার খান বলেন, এ ঘটনায় মানব পাচার আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের এনজিওর মাধ্যমে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।