মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ৫
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে পাঁচ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় দমদমিয়া বিজিবির তল্লাশি চেকপোস্টে নায়েব সুবেদার ফুল মিয়ার নেতৃত্বে টেকনাফগামী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন: ফরিদপুরের বোয়ালমারীর মাজহারুল ইসলাম, সুনামগঞ্জের ছাতকের জসিম উদ্দিন, ফরিদপুরের সালথার জসিম মোল্লা, নারায়ণগঞ্জের আড়াইহাজারের ফরিদ উদ্দিন ও একই এলাকার মো. মাহাবুবুল আলম। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন টেকনাফের রঙ্গিখালী এলাকার মানব পাচারের দালাল দুদু মিয়া তাঁদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফে আনেন। এর জন্য দুদু মিয়া জনপ্রতি অগ্রিম ২০ হাজার টাকা করে নিয়েছেন। অবশিষ্ট দুই লাখ টাকা মালয়েশিয়া পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল।